যশোরে বেড়াতে নিয়ে শিশুকে ধর্ষণ, স্বজন গ্রেপ্তার
যশোরে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত হাফিজুল ইসলাম (৪০) নামের এক স্বজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শিশুটিকে অসুস্থ অবস্থায় যশোর জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে যশোর শহরের মেডিকেল কলেজ–সংলগ্ন এলাকায়। গ্রেপ্তার হাফিজুল ইসলামের বাড়ি সাতক্ষীরায় হলেও তিনি ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি পড়াশোনার জন্য যশোরে এক আত্মীয়ের বাড়িতে থাকে। গতকাল সোমবার বিকেলে অভিযুক্ত হাফিজুল তাকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে নিজের ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে শিশুটির ওপর শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ ওঠে।
রাত নয়টার দিকে শিশুটিকে বাসায় পৌঁছে দিলে সে তার নানিকে বিষয়টি জানায়। পরে আজ সকাল আটটার দিকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান চিকিৎসকেরা শিশুটির পোশাকে ধর্ষণের আলামত পেয়েছেন। শিশুটির অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার হাফিজুল ইসলামকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে