Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন গোদাগাড়ীর রেহান আসিফ আসাদ

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কৃতি সন্তান রেহান আসিফ আসাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

গোদাগাড়ী উপজেলার কেল্লা বারূইপাড় গ্রামের রেহান আসিফ আজাদ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রয়াত চেয়ারম্যান ও সাবেক নির্বাহী পরিচালক ড. এম. আসাদুজ্জামান–এর ছেলে এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক–এর ভাতিজা।

প্রজ্ঞাপন প্রকাশের পর গোদাগাড়ীতে খুশির জোয়ার দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তার শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

এদিকে, রাজশাহীর আরেক বর্ষীয়ান রাজনীতিবিদ মিজানুর রহমান মিনু এমপি বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় জেলা জুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। মন্ত্রীসভার পূর্ণাঙ্গ তালিকায় তার নাম প্রকাশের পর রাজশাহীর রাজপথ ও অলিগলিতে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা উল্লাসের মিছিল করেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রীর প্রাপ্ত ক্ষমতাবলে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খাঁন, রুহুল কবির রিজভী আহমেদ, মোঃ ইসমাইল জবিউল্লাহ এবং ডঃ রাশেদ আল মাহমুদ তিতুমীরকে মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় মোঃ হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সামসুল ইসলাম, ডঃ জাহেদুর রহমান, ডঃ মাহাদি আমিন এবং রেহান আসিফ আসাদকে উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হিসেবে, সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ এবং সিনিয়র সহকারী সচিব উজ্জল হোসেনকে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগসমূহ প্রধানমন্ত্রী যতদিন পদে থাকবেন ততদিন কার্যকর থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ