রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ আবারও গ্রেপ্তার
আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর পল্লবী থানায় দায়ের করা একটি মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে সোমবার (২০ জুলাই) তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট অ্যান্ড আইসিটি) মোহাম্মদ ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাজধানীর ইসিবি স্কয়ার এলাকা থেকে ক্যান্টনমেন্ট থানা পুলিশ সাহেদকে গ্রেপ্তার করে। পরে তাকে সংশ্লিষ্ট পল্লবী থানায় হস্তান্তর করা হয়।
২০২০ সালে করোনাভাইরাস মহামারির সময় ভুয়া করোনা পরীক্ষা ও জাল সনদ দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগে আলোচনায় আসেন রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ।
২০২০ সালের ৬ জুলাই র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালানো হয়। অভিযানে প্রকৃত পরীক্ষা ছাড়াই করোনা নেগেটিভ সনদ প্রদান এবং রোগীদের সঙ্গে প্রতারণার প্রমাণ পাওয়ার কথা জানায় র্যাব। পরদিন স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে হাসপাতালের দুটি শাখা ও প্রধান কার্যালয় সিলগালা করা হয়। একই দিন উত্তরা পশ্চিম থানায় সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এরপর ২০২০ সালের ১৫ জুলাই ভারত পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় সাতক্ষীরার দেবহাটা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। এরপর বিভিন্ন মামলায় দীর্ঘ সময় কারাগারে ছিলেন তিনি।
২০২৪ সালের ৪ সেপ্টেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান মোহাম্মদ সাহেদ। তার বিরুদ্ধে মোট ৯৬টি মামলা দায়ের হয়েছিল। এর মধ্যে পাঁচটি মামলায় তিনি দণ্ডিত ছিলেন এবং সবগুলো মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৯ সেপ্টেম্বর অবৈধ অস্ত্র রাখার মামলায় সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে ২০২৫ সালের ১১ নভেম্বর হাইকোর্ট ওই মামলায় তাকে খালাস দেন।
মতামত দিন