Views Bangladesh Logo

জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে সংস্কার করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার করতে চাই।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। জনগণের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে আমরা দ্রুত নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করতে চাই।

তিনি আরও বলেন, আমরা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে গণতান্ত্রিক সংস্কার আনার চেষ্টা করছি। প্রথমে সংস্কারের অগ্রাধিকার নির্ধারণ করা অত্যন্ত জরুরি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন ও নৈতিকতা উন্নতকরণের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই।

তিনি নতুন জনবল নিয়োগের ওপরও গুরুত্ব দিয়ে বলেন, এখানে বাজেট মঞ্জুরির বিষয়ও রয়েছে। নতুন জনবল নিয়োগ এবং সকলের সমন্বিত প্রচেষ্টায় লক্ষ্য অর্জন সম্ভব।

মন্ত্রী সভায় নির্দেশ দেন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যুগোপযোগী উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানদের পরামর্শ ও সুপারিশমালা তৈরি করতে।

সভায় স্বরাষ্ট্র সচিব (রুটিন দায়িত্ব) দেলোয়ার হোসেন, আইজিপি বাহারুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ