গণভোট বাতিলের সঙ্গে ‘জুলাই সনদে’র কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী
গণভোট বাতিলের সিদ্ধান্তের সঙ্গে ‘জুলাই সনদে’র কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
শনিবার (৪ এপ্রিল) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ একটি স্বাধীন ও কার্যকর দলিল। এটি বাস্তবায়নের জন্য সংসদই যথেষ্ট। সনদের মধ্যেই এর বাস্তবায়ন পদ্ধতি নির্ধারিত রয়েছে। তাই গণভোট বাতিলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই—বিষয়টি আমরা সংসদে পরিষ্কারভাবে জানিয়েছি।
তিনি আরও বলেন, বিএনপি জুলাই সনদকে হৃদয়ে ধারণ করে। দলটি বিশ্বাস করে, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে এই সনদ রচিত হয়েছে। এটি দেশের সাধারণ মানুষের মুক্তির সনদ।
মন্ত্রী দাবি করেন, গণভোট বাতিল হলে জুলাই সনদও বাতিল হয়ে যাবে—এমন বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য। যারা ১৯৭২ সালের সংবিধান মানেন না, তারা ভুল বলছেন। আমরা বলছি, ১৯৭২ সালের সংবিধানই জুলাই সনদের অংশ, আর জুলাই সনদকে সেই সংবিধানের মধ্যেই অন্তর্ভুক্ত করা হবে।
জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের দাম বেড়েছে এবং বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত তেলের দাম বেড়েছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারতেও দাম বৃদ্ধি পেয়েছে। আমরা এখন পর্যন্ত দেশের ভেতরে সহনীয় পর্যায়ে দাম ধরে রেখেছি। কতদিন এভাবে রাখা সম্ভব হবে, তা মূল্যায়ন করা হচ্ছে।
এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে ঝিনাইদহের শৈলকুপায় খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে