বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে পৌছনোর পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। তিনি আজ স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে বেইজিংয়ের চাউমিং রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
রেলস্টেশন থেকে প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে চীনের দিয়াওইউতাই গেস্ট হাউসে (রাষ্ট্রীয় অতিথি ভবন) নিয়ে যাওয়া হয়। বেইজিংয়ে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীসহ সফর সঙ্গীরা এই গেস্ট হাউসেই থাকবেন।
এর আগে স্থানীয় সময় দুপুর ১টা ৫৮ মিনিটে দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন থেকে হাই স্পিড ট্রেনযোগে (বুলেট ট্রেন) বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বেইজিংয়ে আসার আগে সকালে চীনের দালিয়ানে 'ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে' স্থানীয় সময় সকাল ১০টায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোসে’ বার্ষিক সভায় অংশ নেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, গত সোমবার চীনের দালিয়ানে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি ছিল প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বিদেশ সফরের দ্বিতীয় ধাপ। এর আগে, দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি বিদেশ সফরের অংশ হিসেবে তিনি ২১ জুন ঢাকা থেকে দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়া যান।
মতামত দিন