দিল্লিতে তাপমাত্রার পারদ নামল ৩.৬ ডিগ্রিতে, রেড অ্যালার্ট জারি
তীব্র শীতে কাঁপছে ভারতের দিল্লি ও তার আশেপাশের এলাকার মানুষজন। এ অবস্থায় শনিবার (১৩ জানুয়ারি) দিল্লির তাপমাত্রা ৩.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এ ছাড়াও দিল্লির একটি গ্রাম আয়া নগরে দ্বিতীয় দিনেও সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এসব তথ্য জানা যায়।
ভারতের কেন্দ্রীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, শুক্রবার রাতে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩.৪ ডিগ্রি। এ ছাড়াও লোদি রোডে সর্বনিম্ন তাপমাত্রা ৩.৪ ডিগ্রি, সফদরজংয়ে ৩.৬, রিজে ৩.৯ এবং পালামে ৫.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
আইএমডি আরও জানায়, দিল্লির প্রধান আবহাওয়া কেন্দ্র সফদরজংয়ের তথ্যমতে আজ ভোর সাড়ে ৫টায় দৃশ্যমানতা ছিল ২০০ মিটার। এ ছাড়াও সকালে দিল্লির বিভিন্ন অংশে ঘন কুয়াশার আস্তরণ দেখা যায়।
এদিকে তীব্র ঠাণ্ডা ও কুয়াশাচ্ছন্ন অবস্থার কারণে দিল্লিসহ কয়েকেটি রাজ্যে লাল সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ। বাকী দুটি রাজ্য হলো-পাঞ্জাব এবং হরিয়ানা।
এনডিটিভি জানিয়েছে, এমন পরিস্থিতিতে দিল্লি এবং দেশের অন্যান্য অংশে প্রতিকূল আবহাওয়া বিরাজ করছে। যার ফলে ১৮টি দিল্লিগামী ট্রেন ১ থেকে ৬ ঘণ্টা দেরিতে পৌঁছাচ্ছে।
এ ছাড়াও সংবাদমাধ্যম এএনআইয়ের তথ্যমতে, ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে আজ দিল্লি বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট অপারেশন বিলম্বিত হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে