তদন্তে প্রশ্নফাঁসের প্রমাণ পেলেই নিয়োগ পরীক্ষা বাতিল: পিএসসি চেয়ারম্যান
রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেছেন, ‘প্রশ্নপত্র ফাঁসের যে অভিযোগ উঠেছে, তদন্তে এর প্রমাণ পেলেই নিয়োগ পরীক্ষা বাতিল করা হবে।'
মঙ্গলবার (৯ জুলাই) পিএসসি ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পিএসসি চেয়ারম্যান বলেন, '১২ বছর ধরে প্রশ্নফাঁস হয়েছে, সেই অভিযোগ এখন প্রমাণ করা সম্ভব নয়। তবে গত ৫ জুলাইয়ের পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে আমরা পরীক্ষা বাতিল করব। এটা নিয়ে কোনো সন্দেহ-সংশয় নেই।'
এক যুগ ধরে প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে; আগের পরীক্ষাগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে- এমন প্রশ্নের জবাবে সোহরাব হোসাইন বলেন, 'এটা কমিশন সভায় সিদ্ধান্ত হবে। এককভাবে আমি এটা নিয়ে বলতে পারি না।'
তিনি আরও বলেন, '১২ বছর মানে তিনজন চেয়ারম্যানের মেয়াদকাল। সে সময়ের পরীক্ষায় কী হয়েছে, তা নিয়ে কমিশন সভায় সিদ্ধান্ত নিতে পারে। তাছাড়া আগের পরীক্ষাগুলো বাতিল করাটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে কি না, তাতেও আইন-কানুনের বিষয় রয়েছে। হুট করে এটা নিয়ে বলা কঠিন।'
এর আগে পিএসসিসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ। পরে সিআইডি পুলিশের পক্ষ থেকে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (সংশোধন) আইনে গ্রেপ্তারকৃতরাসহ মোট ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মতামত দিন