Views Bangladesh Logo

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার রেকর্ড পরিমাণ ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গেছে। একবারে দানবাক্স খোলার ইতিহাসে এটিই সর্বোচ্চ অর্থ সংগ্রহের রেকর্ড।

শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে টাকা গণনা শেষে এ তথ্য নিশ্চিত করেন দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরশাদুল আহমেদ।

এর আগে শনিবার সকাল ৭টায় মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব।

দানবাক্স থেকে পাওয়া অর্থ প্রথমে বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। পরে সেখানে মেঝেতে ছড়িয়ে টাকা গণনা করা হয়। গণনার কাজে অংশ নেন মসজিদ-সংলগ্ন মাদ্রাসার ১১০ শিক্ষার্থী, আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ শিক্ষার্থী, মসজিদের ৩৩ কর্মচারী, রূপালী ব্যাংকের ১৩০ কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর দানবাক্স খোলার সময় ৩৫ বস্তা টাকা পাওয়া যায়। তখন তিন মাস ২৭ দিনের ব্যবধানে সংগ্রহ হয়েছিল ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। এছাড়া বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রৌপ্যও পাওয়া যায়।

জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, বর্তমানে পাগলা মসজিদের তহবিলে মোট ১১৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৫২ টাকা জমা রয়েছে।

তিনি আরও জানান, দেশ-বিদেশের দাতাদের সুবিধার্থে মসজিদের নিজস্ব ওয়েবসাইট চালু করা হয়েছে। এর মাধ্যমে অনলাইন ও মোবাইল ব্যাংকিং ব্যবহার করে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সহজেই অনুদান পাঠানো যাবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ