শিক্ষা ও প্রাথমিক শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ ও উৎপাদনশীল কর্মশক্তিতে রূপান্তরিত করতে সরকার শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দিয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা হয়েছে ১ লাখ ২৩ হাজার কোটি টাকা, যা এ খাতে দেশের ইতিহাসে সর্বোচ্চ বরাদ্দগুলোর একটি।
রাজধানীর মিরপুরে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর শহীদ ইয়ামিন অডিটোরিয়ামে বুধবার রাতে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্র্যাজুয়েশন ডিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই বিশাল বরাদ্দ সরকারের মানবসম্পদ উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অগ্রগতির প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করে।
মন্ত্রী বলেন, দেশের বিপুল জনগোষ্ঠীকে দক্ষ ও উৎপাদনশীল জনশক্তিতে রূপান্তর করতে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ছাড়া আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়।
তিনি আরও বলেন, এই বরাদ্দের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ এবং দক্ষ জনশক্তি তৈরির কার্যক্রম আরও জোরদার করা হবে।
মন্ত্রী বলেন, বাংলাদেশের জনসংখ্যাকে বোঝা নয়, বরং সম্পদ হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষা ও দক্ষতা উন্নয়নে ধারাবাহিক বিনিয়োগ নিশ্চিত করতে হবে। তাহলেই দেশের মানুষ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বেশি কর্মসংস্থানে সক্ষম হয়ে উঠবে।
মতামত দিন