একাত্তরের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নের সুপারিশ
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক তালিকা এবং প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করে প্রতিবেদন তৈরির সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে আহত জুলাইযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করার সুপারিশ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।
বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গত ছয় মাসের গুরুত্বপূর্ণ কার্যক্রম এবং সেগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি আগের বৈঠকের কার্যবিবরণী অনুমোদন করা হয়।
কমিটি মহান মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক তালিকা এবং প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করে একটি প্রতিবেদন তৈরির জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে। এ ধরনের তালিকা প্রণয়নে প্রামাণ্য নথি, সরকারি ও সামরিক রেকর্ডসহ যাচাইযোগ্য তথ্য ব্যবহারের ওপর আগে থেকেই গুরুত্ব দিয়ে আসছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
এ ছাড়া মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধারা যাতে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পান, সে জন্য ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যথাযথভাবে তুলে ধরা এবং মুক্তিযোদ্ধা ও জুলাইযোদ্ধাদের প্রাপ্য সম্মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সচেষ্ট থাকার পরামর্শ দেওয়া হয়।
বৈঠকে মুক্তিযোদ্ধা সংসদ সচল রাখার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়। কমিটির পক্ষ থেকে বলা হয়, মুক্তিযোদ্ধা সংসদ জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে পারে। পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস যথাযথভাবে সংরক্ষণ ও উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সংসদ সদস্য মো. আব্দুল হান্নান ও সংসদ সদস্য রোকেয়া বেগম অংশ নেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন