নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম
নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
বৃহস্পতিবার (১৬ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় এতথ্য জানানো হয়। এতে জানা গেছে তিনি আগামী ২৩ জুলাই ২০২৬ ভাইস এডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করবেন।
খোন্দকার মিসবাহ উল আজীম জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রতিরক্ষা বিষয়ে স্নাতকোত্তর (এমডিএস) ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় এবং চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে কৌশলগত অধ্যয়ন (স্ট্র্যাটেজিক স্টাডিজ) বিষয়ে আরও দুটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনটি স্নাতকোত্তর ডিগ্রিতেই তিনি প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। তিনি এমফিল ডিগ্রির পাশাপাশি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে সমসাময়িক সামুদ্রিক সুশাসন বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন। তাঁর গবেষণাভিত্তিক একাধিক প্রবন্ধ দেশ-বিদেশের বিভিন্ন সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
সামরিক দায়িত্বের পাশাপাশি তিনি কূটনৈতিক অঙ্গনেও দায়িত্ব পালন করেছেন। এর আগে ওমানের রাজধানী মাসকাটে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলা ও ইংরেজির পাশাপাশি তিনি মালয় ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারেন। এ ছাড়া ফরাসি ভাষারও প্রাথমিক জ্ঞান রয়েছে।
এদিকে চাকরি থেকে অবসরে যাওয়ার আগে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
মতামত দিন