Views Bangladesh Logo

শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে অভিনেত্রী সিডনি স্টার গ্রেপ্তার

শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রান্সজেন্ডার অভিনেত্রী সিডনি স্টার। ‘লাভ অ্যান্ড হিপ হপ: নিউ ইয়র্ক’ এবং ‘ব্যাডিজ আটলান্টা’ খ্যাত এই তারকার বিরুদ্ধে শিশু নির্যাতন ও যৌন নিপীড়নের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২ আগস্ট) সিডনি স্টারকে গ্রেপ্তার করে জর্জিয়া অঙ্গরাজ্যের হেপভিল পুলিশ। তাঁর বিরুদ্ধে ১৬ বছরের কম বয়সী এক শিশুর সঙ্গে যৌন নির্যাতন, উত্তেজিত শিশু নিপীড়ন (অ্যাগ্রাভেটেড চাইল্ড মোলেস্টেশন) এবং সোডোমির অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তিনি জামিন ছাড়াই ফুলটন কাউন্টি জেলে বন্দী রয়েছেন।

ফক্স ফাইভ আটলান্টার প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে হেপভিলের ইন্টারন্যাশনাল বুলভার্ডের একটি এম্বাসি সুইটস হোটেলে। গ্রেফতারি পরোয়ানায় বলা হয়েছে, ওই শিশুর সঙ্গে ওরাল সেক্স করার কথা স্বীকার করে স্টার দাবি করেন, এটি ছিল সম্মতিসূচক। পুলিশ বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, মামলাটির সঙ্গে একজন নাবালক জড়িত থাকায় এর বেশি কোনো তথ্য প্রকাশ করা হবে না।

এদিকে সিডনি স্টারের মা স্টেফানি ফেভর্স আন্তর্জাতিক গণমাধ্যম ‘টিএমজেড’কে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, শিশু নির্যাতনের অভিযোগ তাঁর মেয়ের চরিত্রের সঙ্গে একেবারেই মেলে না। তিনি জানান, মেয়ে পেশাগত কাজে আটলান্টায় গিয়েছিলেন এবং গ্রেফতারের পর থেকে তাঁর সঙ্গে মেয়ের কোনো কথা হয়নি।

অন্যদিকে সিডনি স্টার এক বিবৃতিতে তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করবেন। বিবৃতিতে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, তাঁর ব্যক্তিগত দায় যেন কোনোভাবে পুরো ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের ওপর চাপিয়ে না দেওয়া হয়; একজনের বিরুদ্ধে ওঠা অভিযোগের জন্য পুরো সম্প্রদায়কে বিচার করা ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, সিডনি স্টার ২০১৯ সালে ‘লাভ অ্যান্ড হিপ হপ: নিউ ইয়র্ক’-এর নবম সিজনে অংশ নিয়ে ব্যাপক পরিচিতি পান। এ ছাড়া তিনি ‘ব্যাডিজ আটলান্টা’, ‘ব্যাডিজ সাউথ’, ‘বচড’ এবং ‘ব্ল্যাক ইঙ্ক ক্রু: শিকাগো’-এর মতো জনপ্রিয় রিয়েলিটি শোতে কাজ করে পরিচিতি পেয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ