অ্যাতলেটিকোকে হারিয়ে কোপা দেল রে সিরোপা জিতল সোসিয়েদাদ
সব প্রতিযোগিতা মিলে আগের পাঁচ ম্যাচে মাত্র একটি জয়। সবশেষ বার্সেলোনার কাছে হেরেও চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে উঠেছিল অ্যাতলেটিকো মাদ্রিদ। তাদের সামনে সুযোগ ছিল পাঁচ বছর পর কোনো ট্রফি ঘরে তোলার। শনিবার সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ডিয়েগো সিমিওনের দল।
অ্যাতলেটিকোকে বিপর্যস্ত করে চতুর্থবার কোপা দেল রে জিতেছে রিয়াল সোসিয়েদাদ। ২০১৩ সালের পর প্রথমবার কাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ছিল মাদ্রিদের। তাদের ১১তম কোপা দেল রে ট্রফির সেই স্বপ্ন ভেঙে দিয়ে ছয় বছর পর এই প্রতিযোগিতার শিরোপা জিতল সোসিয়েদাদ।
সেভিয়েতে অতিরিক্ত সময়ের খেলা শেষে ম্যাচ ২-২ গোলে ড্র হলে পেনাল্টি শুটআউটে চ্যাম্পিয়ন নির্ধারণ হয়। সোসিয়েদাদ গোলকিপার উনাই মারেরো অ্যাতলেটিকোর স্ট্রাইকার আলেক্সান্দার সরলথ ও জুলিয়ান আলভারেজের শট রুখে দেন। এরপর পাবলো মারিনের উঁচু শটে জয়সূচক পেনাল্টি দর্শকদের উন্মাদনায় মাতিয়ে দেয়।
কিকঅফের মাত্র ১৪ সেকেন্ডে অ্যান্ডার বারেনেটজিয়া সোসিয়েদাদকে এগিয়ে দেন, যা ছিল কোপা দেল রে ফাইনালের দ্রুততম গোল। ১৮তম মিনিটে আদেমোলা লুকমান সমতা ফেরান। প্রথমার্ধের ইনজুরি টাইমে মিকেল ওয়ারাজাবালের পেনাল্টিতে সোসিয়েদাদ আবার এগিয়ে যায়। তবে নির্ধারিত সময়ের সাত মিনিট বাকি থাকতে আলভারেজ ফের সমতা ফেরান।
এই জয়ে ২০২০ সালের পর প্রথমবার কোপা দেল রে ট্রফি জিতল সান সেবাস্তিয়ানের দলটি। আর নিউজার্সিতে জন্ম নেওয়া প্রধান কোচ পেল্লেগ্রিনো মাতারাজ্জো হলেন ইউরোপের বড় পাঁচ লিগের কোনো একটিতে বড় ট্রফি জেতা যুক্তরাষ্ট্রের প্রথম কোচ।
গত ডিসেম্বরে সোসিয়েদাদের দায়িত্ব নেওয়ার সময় স্প্যানিশ লিগে দলটি রেলিগেশন জোন থেকে মাত্র দুই পয়েন্ট উপরে ছিল। চার মাসের মধ্যে ক্লাবটি কাপ জিতল এবং লা লিগা টেবিলে মাঝামাঝি অবস্থানে উঠে এল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে