লা লিগা
গোল উৎসব করে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল
লা লিগার ২০তম রাউন্ডে সান্তিয়াগো বার্নাব্যুতে লাস পালমাসকে ৪-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ। রোমাঞ্চকর এই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেন কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো ও ব্রাহিম দিয়াস।
ম্যাচের শুরুতেই মাত্র ২৮ সেকেন্ডে সান্দ্রো রামিরেসের ক্রসে ফাবিও সিলভার গোলে এগিয়ে যায় লাস পালমাস। এটি রিয়ালের বিপক্ষে দ্বিতীয় দ্রুততম গোলের রেকর্ড। তবে ১৮তম মিনিটে পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান এমবাপ্পে। এরপর ৩৩তম মিনিটে লুকাস ভাসকেসের পাসে সহজ গোল করেন ব্রাহিম দিয়াস। মাত্র তিন মিনিট পর রদ্রিগোর অ্যাসিস্টে দলের হয়ে দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। যদিও প্রথমার্ধে তার একটি গোল বিতর্কিত সিদ্ধান্তে বাতিল হয়।
বিরতির পর ৫৭তম মিনিটে রদ্রিগো দুর্দান্ত শটে রিয়ালের পক্ষে চতুর্থ গোলটি করেন। ৬৪তম মিনিটে লাস পালমাসের বেনিতো রামিরেস সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে প্রতিপক্ষ আরও দুর্বল হয়ে পড়ে। রিয়ালের আরও তিনটি গোল অফসাইডের কারণে বাতিল হলেও তারা ম্যাচটি ৪-১ ব্যবধানে জিতে নেয়।
এই জয়ে রিয়াল মাদ্রিদ ২০ ম্যাচে ১৪ জয় ও ৪ ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে। আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনা যথাক্রমে ২ ও ৭ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।
মতামত দিন