টানা তৃতীয়বার বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ, শীর্ষ দশে যারা
মাঠের পারফরম্যান্সে প্রত্যাশিত সাফল্য না এলেও বাণিজ্যিক দিক থেকে রিয়াল মাদ্রিদের দাপট অব্যাহত রয়েছে। ব্র্যান্ড ফাইন্যান্সের ২০২৬ সালের মূল্যায়নে টানা তৃতীয়বার বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাব ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত এক বছরে রিয়াল মাদ্রিদের ব্র্যান্ড মূল্য বেড়েছে ২৫ শতাংশ। বর্তমানে ক্লাবটির ব্র্যান্ড মূল্য ২৪০ কোটি ইউরো, যা প্রায় ২৭৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের সমান। লা লিগায় রানার্সআপ হওয়া কিংবা টানা দুই মৌসুম ঘরোয়া শিরোপা জিততে না পারলেও বাণিজ্যিক বাজারে তাদের অবস্থানে বড় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।
এবার বিশ্বের শীর্ষ ৫০ ফুটবল ক্লাবের মোট ব্র্যান্ড মূল্যও নতুন রেকর্ড গড়েছে। সব মিলিয়ে এসব ক্লাবের ব্র্যান্ড মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৩৯০ কোটি ইউরো। একই সময়ে তাদের সম্মিলিত এন্টারপ্রাইজ ভ্যালু ৭ হাজার ৯৭০ কোটি ইউরো। ব্র্যান্ড ফাইন্যান্সের হিসাব বলছে, শীর্ষ ১০ ক্লাবের কাছেই রয়েছে বিশ্ব ফুটবল ব্র্যান্ড মূল্যের ৬০ শতাংশের বেশি।
রিয়ালের পর তালিকার দ্বিতীয় অবস্থানে আছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির ব্র্যান্ড মূল্য ২০০ কোটি ইউরো বা প্রায় ২২৭ কোটি ৬০ লাখ ডলার। হান্সি ফ্লিকের অধীনে টানা দ্বিতীয়বার লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ের পাশাপাশি ক্যাম্প ন্যুতে ফেরার বিষয়টিও ক্লাবটির বাণিজ্যিক মূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
এবারের তালিকায় উল্লেখযোগ্য উত্থান হয়েছে আর্সেনালের। পাঁচ ধাপ এগিয়ে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ইংলিশ ক্লাবটি। ২২ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলার সুবাদে আর্সেনালের ব্র্যান্ড মূল্য এক বছরে ২৮ শতাংশ বেড়ে ১৫০ কোটি ইউরো বা ১৭৭ কোটি ২০ লাখ ডলারে পৌঁছেছে।
শীর্ষ দশের বাকি জায়গাগুলোতে রয়েছে বায়ার্ন মিউনিখ, পিএসজি, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও বরুসিয়া ডর্টমুন্ড। বায়ার্নের ব্র্যান্ড মূল্য ১৭৪ কোটি ৮০ লাখ ডলার এবং পিএসজির ১৭৩ কোটি ৪০ লাখ ডলার। তিন ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে থাকা ম্যানচেস্টার সিটির মূল্য ১৭০ কোটি ৯০ লাখ ডলার। লিভারপুলের ১৬৯ কোটি ৫০ লাখ এবং ম্যানচেস্টার ইউনাইটেডের ১৬৫ কোটি ৯০ লাখ ডলার। নবম স্থানে থাকা চেলসির ব্র্যান্ড মূল্য ১১০ কোটি ১০ লাখ ডলার। আর এক দশক পর শীর্ষ দশে ফিরেছে বরুসিয়া ডর্টমুন্ড, যার ব্র্যান্ড মূল্য ৭৬ কোটি ৬০ লাখ ডলার।
মতামত দিন