প্রকৃত চ্যাম্পিয়নরা চাপের মুহূর্তেই নিজেদের সেরাটা দেখায়: রোনালদো
কাতার বিশ্বকাপের পর আরেকটি ‘মহাযুদ্ধের’ মঞ্চে নামতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছে পর্তুগাল জাতীয় ফুটবল দল। লিসবনের সিদাদে দো ফুটবল থেকে যাত্রার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দলের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে যাওয়া ৪১ বছর বয়সী এই মহাতারকা আত্মবিশ্বাস, আশা ও অভিজ্ঞতার মিশেলে নিজের প্রত্যাশার কথা তুলে ধরেন।
রোনালদো বলেন, আমরা দারুণ আনন্দ নিয়ে বিশ্বকাপে যাচ্ছি। সবাই জানে, ইউরোর মতো বিশ্বকাপও বিশেষ একটি টুর্নামেন্ট। আমরা আশা ও স্বপ্নে ভরা হৃদয় নিয়ে সেখানে যাচ্ছি।
দীর্ঘ ও কঠিন টুর্নামেন্টে নিজের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন করা হলে স্বভাবসুলভ হাস্যরসের আশ্রয় নেন তিনি। রোনালদো বলেন, আমি পুরোপুরি ঠিক আছি। আপনারা কি আমার সাম্প্রতিক ম্যাচগুলো দেখেননি?
পর্তুগালকে শিরোপার অন্যতম দাবিদার মনে করা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ট্রফি জিতব কি না, সেটি টুর্নামেন্ট শেষেই জানা যাবে। আমাদের বর্তমান প্রজন্ম অসাধারণ। তবে ফুটবলে এমন অনেক বিষয় আছে, যা আমাদের নিয়ন্ত্রণে থাকে না। সবকিছু নির্ভর করে ম্যাচের ফলাফলের ওপর—আমরা জিতব নাকি হারব।
তবে নিজের দলের প্রতি আস্থা প্রকাশ করে রোনালদো আরও বলেন, আমি বিশ্বাস করি, এই প্রজন্ম পর্তুগালের মানুষকে আরও অনেক আনন্দের মুহূর্ত উপহার দেবে। প্রকৃত চ্যাম্পিয়নরা চাপের মুহূর্তেই নিজেদের সেরাটা দেখায়।
বিশ্বকাপে এটি রোনালদোর শেষ আসর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই পর্তুগিজ সমর্থকদের প্রত্যাশা, কিংবদন্তি এই ফুটবলারের নেতৃত্বে দলটি এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করতে পারবে।

মতামত দিন