Views Bangladesh Logo

রাসিকের ১২৩০ কোটি টাকার ফুটপাত দখলে, চলাচলে চরম ভোগান্তি

রাজশাহী শহরের ফুটপাত ব্যবস্থার অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। প্রায় ১ হাজার ২৩০ কোটি টাকার ফুটপাত থাকলেও এর বড় অংশই দখলে চলে গেছে বলে অভিযোগ স্থানীয়দের।

নগরীর বিভিন্ন এলাকায়—কাজলা গেট, মতিহার, ভদ্রা, সাহেব বাজার পূর্ব–পশ্চিম, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, সোনাদীঘির মোড়, নিউমার্কেট, আলুপট্টি ও উপশহর—ফুটপাত প্রায় পুরোপুরি দখল হয়ে আছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ফলে পথচারীদের হাঁটার কোনো জায়গা নেই, বাধ্য হয়ে মূল সড়কে নামতে হচ্ছে, এতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

একজন স্থানীয় ব্যবসায়ী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল ও ভাড়া দেওয়ার একটি চক্র সক্রিয় রয়েছে। তার দাবি, আগে যেভাবে চাঁদাবাজি চলত, এখনো কিছু পরিবর্তন হলেও একই ধরনের নিয়ন্ত্রণ রয়েছে।

নওগাঁ জেলার সাপাহার থেকে চিকিৎসা নিতে আসা এক রোগী জানান, শহরের ফুটপাত দখল থাকায় হাসপাতাল এলাকায় পৌঁছাতে ভোগান্তি হয় এবং যানজটে রোগী আনা–নেওয়া কঠিন হয়ে পড়ে।

তুপ্তি রেস্টুরেন্টের এক কর্মী জানান, ভ্রাম্যমাণ আদালত মাঝেমধ্যে অভিযান চালালেও স্থায়ী সমাধান হচ্ছে না—এক জায়গা থেকে উচ্ছেদ করলে অন্য জায়গায় আবার দোকান বসে যায়।

নগরবাসীর অভিযোগ, ফুটপাতে ফুল-ফল থেকে শুরু করে কাপড়, খাবার দোকান—সবই অবৈধভাবে বসে গেছে। বিশেষ করে হাসপাতাল সংলগ্ন এলাকায় খাবারের দোকান দিনরাত খোলা থাকায় ভিড় ও যানজট আরও বেড়েছে।

রাজশাহী সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো.মোস্তাফিজুর রহমান ভিউজ বাংলাদেশকে জানান, রাসিকের ৪৫ কিলোমিটার ফুটপাত রয়েছে। যার গড় প্রস্থ ৬ ফিট। ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঝেমধ্যে অভিযান চালানো হয়। আশা করছি এটি নিয়ন্ত্রণে চলে আসবে।

প্রাপ্ততথ্য বিশ্লেষণে পাওয়া যায়, ৪৫ কিলোমিটার দৈর্ঘ্য ও ৬ ফিট প্রস্থ হিসাব করলে ৬১.৫১৫ বিঘা জমি হয়। এর দাম ২০ কোটি টাকা প্রতিবিঘা ধরলে ১ হাজার ২৩০.৩ কোটি টাকা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হালিম ভিউজ বাংলাদেশকে বলেন, ফুটপাত শুধু ফুটপাতের জন্যেই ব্যবহার হবে। এটা রক্ষা করার জন্য আইন প্রয়োগ করলেই সমাধান হয়ে যাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ