সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে হবে: মির্জা ফখরুল
সরকারকে নির্বাচনের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারকে সময় দিতে গিয়ে আমাদের ধৈর্যের পরিচয় দিয়ে সহযোগিতাও করতে হবে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে লালমনিরহাটের বড়বাড়ী কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবকিছুকে রাজনৈতিকভাবে নেবেন না। বরং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকারের উচিত উপদেষ্টা নিয়োগে আরও সতর্ক হওয়া। কারণ সন্দেহজনক কাউকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া যাবে না।
ফখরুল অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ব্যাপক দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে দেশকে প্রায় ধ্বংসের দিকে নিয়ে গেছে।
লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব দুলুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা উত্তর মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম প্রমুখ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে