Views Bangladesh Logo

শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু বৃহস্পতিবার

 VB  Desk

ভিবি ডেস্ক

আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন মন্দির ও আশ্রমে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানান ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। প্রথাগত রীতি অনুযায়ী, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই রথযাত্রা উৎসব উদযাপিত হয়।

রঙিন শোভাযাত্রা ও নানা মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে টানা নয় দিনব্যাপী এই উৎসব উদযাপিত হবে।

আগামীকাল সকাল ৮টায় রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দিরে বিশ্ব শান্তি ও সমৃদ্ধির কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে রথযাত্রার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। পরবর্তীতে বিকেল ৩টায় মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য রথযাত্রা বের হবে এবং রথটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে পৌঁছাবে। আগামী ২৫ জুলাই বিকেল ৩টায় উল্টো রথযাত্রার (ফিরতি যাত্রা) মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটবে। এবার ঢাকা শহরসহ দেশজুড়ে মোট ১২৮টি ইসকন মন্দির ও আশ্রমে রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, ভগবান জগন্নাথ হলেন জগতের নাথ বা অধীশ্বর। তাঁর কৃপা লাভ করলে ভক্তরা পুনর্জন্মের চক্র থেকে মুক্তিলাভ করেন। এই বিশ্বাস থেকেই সুসজ্জিত রথে জগন্নাথ দেবের বিগ্রহ বা মূর্তি স্থাপন করে ভক্তরা রথ টেনে নিয়ে যান।

ঢাকায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত এই নয় দিনের উৎসবের মধ্যে রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শনী ও নাটক মঞ্চায়ন। বিকেলে আলোচনা সভা শেষে রথযাত্রা শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক নিতাই স্বামী জানান, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব এবারও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে যাচ্ছে। উদ্বোধনের পর রথযাত্রাটি স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, হাইকোর্ট, দোয়েল চত্বর, শহীদ মিনার ও পলাশী মোড় হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে। আবার ২৫ জুলাই বিকেলে ঢাকেশ্বরী মন্দির থেকে উল্টো রথযাত্রা শুরু হয়ে বিপরীত রুটে স্বামীবাগ আশ্রমে ফিরে আসবে।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে নিতাই স্বামী বলেন, সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সরকার, প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে একাধিক বৈঠক হয়েছে এবং তারা সর্বাত্মক নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।

তিনি আরও বলেন, শোভাযাত্রায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ইসকনের নিজস্ব ৫০০ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করবেন। ফলে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।

রাজধানীর স্বামীবাগ ছাড়াও পুরান ঢাকার তাঁতীবাজারের শ্রীশ্রী জগন্নাথ জিউ ঠাকুর মন্দির, জয়কালী রোডের রামসীতা মন্দির, শাঁখারীবাজার একনাম কমিটিসহ দেশের বিভিন্ন মন্দিরেও পৃথকভাবে রথযাত্রা উৎসব ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ