রাশমিকার বিয়েতে অতিথিদের জন্য থাকছে কড়া শর্ত
দক্ষিণী সিনেমার আলোচিত জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের দাবি, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুর শহরে অনুষ্ঠিত হবে তাদের বিয়ে। আয়োজনটি ঘিরে থাকছে কঠোর গোপনীয়তা, বিশেষ করে অতিথিদের জন্য থাকছে কড়া শর্ত।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে ২৪ ফেব্রুয়ারি থেকে। ২৬ ফেব্রুয়ারি মূল বিবাহ সম্পন্ন হবে। পুরো আয়োজনেই উপস্থিত থাকবেন কেবল দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও হাতে গোনা কয়েকজন বন্ধু।
একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, অতিথির সংখ্যা সীমিত রাখা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য শর্ত হলো—কোনো অতিথি মোবাইল ফোন নিয়ে অনুষ্ঠানের ভেতরে প্রবেশ করতে পারবেন না। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি যারা বিয়ের ছবি ও ভিডিও ধারণের দায়িত্বে থাকবেন, তাদেরও নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট (এনডিএ) স্বাক্ষর করতে হয়েছে।
জানা গেছে, বিয়েতে চলচ্চিত্র অঙ্গনের তারকাদের উপস্থিতি খুবই সীমিত থাকবে। তবে বিয়ের পর বড় পরিসরে একটি রিসেপশনের আয়োজন করা হবে হায়দরাবাদে। আগামী ৪ মার্চ সেখানে বন্ধু, সহকর্মী ও ইন্ডাস্ট্রির বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হতে পারে।
উল্লেখ্য, রাশমিকা ও বিজয় দীর্ঘদিন ধরেই তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নীরব ছিলেন। মূলত গীতা গোবিন্দম ও ডিয়ার কমরেড সিনেমায় একসঙ্গে অভিনয়ের পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। তবে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কখনও মন্তব্য করেননি কেউই। গেল মাসে তাদের বাগদানের খবর প্রকাশ্যে আসে। এরপর থেকেই বিয়ের তারিখ নিয়ে জল্পনা চলছিল। অবশেষে ২৬ ফেব্রুয়ারি জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই জুটি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে