Views Bangladesh Logo

‘মাইসা’য় রাশমিকার মারকাটারি রূপ, কাস্তে হাতে অ্যাকশনে অভিনেত্রী

রোমান্টিক সিনেমায় গ্ল্যামারাস চরিত্রে রাশমিকা মান্দানাকে এতদিন বেশি দেখা গেছে। এবার সেই পরিচিত ইমেজ থেকে বেরিয়ে পুরোপুরি অ্যাকশনধর্মী চরিত্রে হাজির হচ্ছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী। আসন্ন সিনেমা ‘মাইসা’-তে এক নির্ভীক নারীর ভূমিকায় দেখা যাবে তাকে।

সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির টিজার। আর সেখানেই রাশমিকার একের পর এক অ্যাকশন দৃশ্য নজর কেড়েছে দর্শকদের। টিজারে কখনো কাস্তে হাতে প্রতিপক্ষের দিকে ছুটে যেতে, কখনো সংঘর্ষে জড়িয়ে পড়তে আবার কখনো লাথির আঘাতে প্রতিপক্ষকে কাবু করতে দেখা গেছে অভিনেত্রীকে।

নবাগত পরিচালক রবীন্দ্র পুল্লের পরিচালনায় নির্মিত ‘মাইসা’য় রাশমিকা অভিনয় করেছেন ভিন্ন এক জনগোষ্ঠীর তরুণীর চরিত্রে। প্রতিকূল পরিস্থিতির মধ্যে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা এবং নিজের পথ নিজেই তৈরি করার সংগ্রামকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমার গল্প।

টিজারের শুরুতে রাশমিকার চরিত্রকে ক্লান্ত ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় দেখা যায়। তবে পরিস্থিতির কাছে হার না মেনে দ্রুতই ঘুরে দাঁড়ায় সে। এরপর শুরু হয় তার লড়াই। পানির নিচে একাধিক প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ এবং মোটরসাইকেল চালানোর দৃশ্যও রয়েছে টিজারে।

চরিত্রটির জন্য নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করতে কঠোর পরিশ্রম করেছেন রাশমিকা। শুটিংয়ের সময় একটি অ্যাকশন দৃশ্যে গুরুতর চোটও পেয়েছিলেন তিনি। ওই ঘটনায় পেশিকে হাড়ের সঙ্গে যুক্ত রাখা টেনডন ছিঁড়ে যায় বলে জানা গেছে। চোটের পরও কঠিন প্রস্তুতি ও পরিশ্রমের মাধ্যমে চরিত্রটি পর্দায় তুলে ধরেছেন অভিনেত্রী।

টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও রাশমিকার নতুন লুক নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইউটিউবে প্রকাশিত হিন্দি টিজারের মন্তব্যে অনেক দর্শক তার অ্যাকশন দৃশ্যের প্রশংসা করেছেন। কেউ কেউ বলেছেন, এবার অভিনেত্রীকে তারকা ইমেজের বাইরে গিয়ে চরিত্রের প্রয়োজন অনুযায়ী উপস্থাপন করা হয়েছে।

‘মাইসা’ আগামী ২৭ নভেম্বর তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। রাশমিকা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন ঈশ্বরী রাও, গুরু সোমসুন্দরম, রাও রমেশ, রাহুল রবীন্দ্রন, সামুথিরাকানি, শিবা কন্দুকুরি, কার্তিক রঞ্জিনি, তারক পন্নাপ্পা ও নিধি সিং। এর আগে ‘কটকট ২’ সিনেমায় শহীদ কাপুর ও কৃতি শ্যাননের সঙ্গে দেখা গিয়েছিল রাশমিকাকে। এবার ‘মাইসা’য় তার ভিন্নধর্মী চরিত্র কতটা সাড়া ফেলে, সেটিই দেখার বিষয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ