Views Bangladesh Logo

অন্যরকম আয়োজনে বিয়ে করলেন রাশমিকা-বিজয়

দীর্ঘদিনের প্রেম ও গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন দক্ষিণ ভারতীয় তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ভারতের উদয়পুরে এক অন্তরঙ্গ আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেন জনপ্রিয় এই জুটি।

ভক্তদের দেওয়া নাম ‘ভিরোশ’—সেই নামেই সাজানো ছিল পুরো আয়োজন। শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে বিলাসবহুল আইটিসি মেমেন্টোজে শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা।

শুভ লগ্ন ছিল সকাল ৮টা, আর সকাল ১০টা ১০ মিনিটে সম্পন্ন হয় বিবাহবন্ধন। অনুষ্ঠানে বিজয়ের তেলুগু ঐতিহ্য ও রাশমিকার কোদাভা সংস্কৃতির মেলবন্ধন দেখা গেছে।

মঙ্গলবার থেকেই শুরু হয় বিয়ের আগের অনুষ্ঠান। সামাজিক মাধ্যমে ‘ভিরোশ প্রিমিয়ার লিগ’-এর জন্য তৈরি কাস্টমাইজড ফিল্ড মার্কেট ও পপকর্ন বালতির ছবি ভাইরাল হয়। বুধবার অনুষ্ঠিত হয় হালদি ও মেহেদি। তবে মূল বিয়ের ছবি এখনো প্রকাশ করেননি তারা, ফলে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

অনুষ্ঠানে ঘনিষ্ঠ পরিবার ও চলচ্চিত্র অঙ্গনের নির্বাচিত অতিথিরা উপস্থিত ছিলেন। পরিচালক থারুন ভাস্কার, রাহুল রবীন্দ্রন, অভিনেত্রী ঈশা রেব্বা, আশিকা রঙ্গনাথ এবং নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা-কে উদয়পুরে দেখা গেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি উপস্থিত থাকতে না পারলেও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

২০১৮ সালে গীতা গোবিন্দম এবং ২০১৯ সালে ডিয়ার কমরেডের একসঙ্গে কাজ করার পর থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়।

দীর্ঘদিন নীরব থাকার পর গত বছরের অক্টোবরে ঘনিষ্ঠ আয়োজনে বাগদান সারেন তারা। বিয়ের চার দিন আগে সামাজিক মাধ্যমে একই বার্তা পোস্ট করে সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন—ভক্তদের ভালোবাসার নামেই, ‘ভিরোশ’-এর বিয়ে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ