Views Bangladesh Logo

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা মান্দানা, বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের

দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা গুরুতর নিতম্বের চোট পেয়েছেন বলে জানা গেছে। ‘রাণাবালী’ ও ‘মাইসা’ ছবির শুটিংয়ে একটি জটিল নাচ ও লড়াইয়ের দৃশ্য করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি। চিকিৎসকেরা তাকে আগামী ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তীব্র অ্যাকশন ও নাচের মহড়া চালিয়ে যাওয়ার সময় রাশমিকার নিতম্বের একটি পেশিতন্তু (টেন্ডন) সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। এ ধরনের চোট সাধারণত নিয়মিত কঠোর অনুশীলনরত পেশাদার ক্রীড়াবিদদের মধ্যে দেখা যায় বলে জানিয়েছেন চিকিৎসকরা। একজন অভিনেত্রীর শরীরে এত গুরুতর চোট দেখে তারাও বিস্মিত হয়েছেন বলে জানা গেছে।

বিশ্রামের মেয়াদ শেষে একটি সুনির্দিষ্ট পুনর্বাসন কর্মসূচির মধ্য দিয়ে যেতে হবে রাশমিকাকে, যা তার শারীরিক শক্তি ও চলাফেরার ক্ষমতা পুনরুদ্ধারে সহায়ক হবে। বর্তমানে একসঙ্গে চারটি বড় ছবির শুটিং এবং প্রায় ৩০টি জাতীয়-আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রতিনিধিত্ব সামলাচ্ছেন এই ব্যস্ত অভিনেত্রী। ফলে এই চোটের কারণে তার শুটিং সূচি ও বিজ্ঞাপনী কার্যক্রমেও পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, চোটের বিষয়ে রাশমিকা বা তার টিমের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এর আগে অবশ্য ‘মাইসা’ ছবির একটি গানের কোরিওগ্রাফার ব্রিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে রাশমিকার নিষ্ঠা ও পরিশ্রমের প্রশংসা করে লিখেছিলেন, ব্যথা নিয়েও কখনো অভিযোগ করেননি এই অভিনেত্রী।

সবশেষ ‘ককটেল ২’ ছবিতে দেখা গিয়েছিল রাশমিকাকে। চলতি বছরের ফেব্রুয়ারিতে অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে বিয়ে করেন তিনি। বিয়ের পর বিজয়ের সঙ্গে ‘রাণাবালী’ ছবিতেও অভিনয় করছেন রাশমিকা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ