Views Bangladesh Logo

‘মাইসা’ সিনেমায় পানির নিচে টানা ২০ ঘণ্টা শুটিং করলেন রাশমিকা মান্দানা

দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা আসন্ন প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘মাইসা’-তে কোনো বডি ডাবলের সহায়তা ছাড়াই পানির নিচে দীর্ঘ ও জটিল অ্যাকশন দৃশ্যের শুটিং করেছেন। টানা দুই দিনের শুটিংয়ে প্রায় ২০ ঘণ্টা পানির নিচে কাটিয়ে দৃশ্যটির কাজ শেষ করেন তিনি।

নির্মাতাদের দাবি, এটি বড় পরিসরে নির্মিত ভারতের প্রথম নারীপ্রধান আন্ডারওয়াটার অ্যাকশন সিকোয়েন্স, যা ভারতীয় সিনেমায় নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

রোমান্টিক ও পারিবারিক ঘরানার চরিত্রে পরিচিত রাশমিকাকে এবার দেখা যাবে একজন যোদ্ধার ভূমিকায়। নির্মাতাদের ভাষ্য, ‘মাইসা’য় তার চরিত্রটি ক্যারিয়ারের অন্যতম কঠিন ও চ্যালেঞ্জিং চরিত্র।

জানা গেছে, পানির নিচের অ্যাকশন দৃশ্যটি সিনেমার গল্পের গুরুত্বপূর্ণ অংশ। দৃশ্যটি ধারণে আধুনিক প্রযুক্তি, বিশেষ স্টান্ট কোরিওগ্রাফি এবং কয়েক মাসের প্রস্তুতি নেওয়া হয়। বাস্তবসম্মত উপস্থাপনার জন্য রাশমিকাকে বিশেষ প্রশিক্ষণও নিতে হয়েছে। পুরো দৃশ্যের শুটিংয়ে তিনি কোনো বডি ডাবলের সহায়তা নেননি।

দীর্ঘ সময় পানির নিচে শ্বাস নিয়ন্ত্রণ, ভারী পোশাক পরে চলাফেরা এবং জটিল অ্যাকশন কোরিওগ্রাফি অনুসরণ করা ছিল বেশ কঠিন। শুটিং শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা জানিয়ে রাশমিকা লেখেন, ‘জানি, কিছুদিন ধরে সবার চোখের আড়ালে ছিলাম। কারণ আমরা এই কাজটিই করছিলাম। জীবনে এটাই এখন পর্যন্ত সবচেয়ে কঠিন কাজ, যা আমাকে করতে হয়েছে। আমরা হয়তো একটু পাগল, কিন্তু এই পাগলামিই আমাকে ভীষণ রোমাঞ্চিত করেছে। আশা করি, পর্দায় সেই পরিশ্রমের ফল দর্শক দেখতে পাবেন।’

প্রযোজনা সংস্থার দাবি, ‘মাইসা’র এই আন্ডারওয়াটার অ্যাকশন সিকোয়েন্স ভারতীয় অ্যাকশন সিনেমার জন্য নতুন মানদণ্ড তৈরি করবে। প্রযুক্তিগত দিকের পাশাপাশি নারীপ্রধান গল্পে এত বড় পরিসরের অ্যাকশন আয়োজন দর্শকদের জন্যও নতুন অভিজ্ঞতা হবে।

বর্তমানে রাশমিকা মান্দানা ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তিনি ‘ককটেল ২’-এ শাহিদ কাপুর ও কৃতি শ্যাননর সঙ্গে অভিনয় করেছেন। পাশাপাশি তেলেগু সিনেমা ‘রনাবালি’-তে বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে কাজ করছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ