বিয়ের একগুচ্ছ ছবি প্রকাশ করে যা বললেন রাশমিকা-বিজয়
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকা জুটি অভিনেতা বিজয় দেবরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভারতের রাজস্থানের উদয়পুরের তেলেগু রীতিতে হওয়া বিয়ের একগুচ্ছ ছবি এরইমধ্যে প্রকাশ্যে এনেছেন এই নবদম্পতি।
এদিন সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রাশমিকা ও বিজয় বিয়ের ছবি পোস্ট করে অনুভূতি জানিয়েছেন। আর এই জুটির চিরাচরিত দক্ষিণী-রাজকীয় সাজ ও আবেগঘন ফ্রেম নজর কেড়েছে তাদের ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছবিতে বিজয়কে দেখা গেছে সাদা ধুতি ও লাল রঙের জমকালো উত্তরীয়, সঙ্গে ছিলে ভারী স্বর্ণালংকার। বিপরীতে অভিনেত্রী সেজেছিলেন লাল টুকটুকে রঙের কারুকার্যখচিত শাড়ি এবং কপালে নজরকাড়া সোনার টায়রায়। দক্ষিণী রীতি অনুযায়ী দু’জনের গালেই আঁকা ছিল কালো তিল।
এদিকে দক্ষিণী অভিনেত্রী বিয়ের ছবিগুলো পোস্ট করে আবেগঘন বার্তায় লিখেছেন, ‘হে আমার ভালোবাসা, এখন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আমার স্বামী, বিজয় দেবরাকোন্ডাকে। যে মানুষটি আমাকে শিখিয়েছে সত্যিকারের ভালোবাসা কাকে বলে, যে আমাকে শান্তিতে থাকতে শিখিয়েছে।’
রাশমিকা আরও লিখেছেন, ‘আমি আজ যে নারী হয়ে উঠেছি, এর পেছনে তোমার (বিজয়) অবদান অনেক বেশি। আমার সব অর্জন, সংগ্রাম, সুখ-দুঃখ আজ নতুন অর্থ পেয়েছে। কারণ, তুমি আমার পাশে রয়েছ।’
অন্যদিকে অভিনেতা বিজয় লিখেছেন, ‘একদিন হঠাৎ বুঝতে পারলাম, আমি তাকে মিস করছি। এমনভাবে মিস করছি, যেন সে পাশে থাকলে দিনটি আরও সুন্দর হতো। সে সামনে বসে থাকলে খাবার আরও তৃপ্তিকর লাগত, একসঙ্গে ওয়ার্কআউট করলে ক্লান্তি কম মনে হতো। বুঝলাম, বাড়ির মতো একটা অনুভূতি পাওয়ার জন্য আমার তাকে দরকার। এ জন্য আমার সেরা বন্ধুকেই জীবনসঙ্গী করলাম।’ আর পোস্টের শেষে লিখেছেন—২৬.০২.২০২৬।
এদিন তাদের বিয়েতে ঐতিহ্যবাহী হলুদ ও সংগীত অনুষ্ঠানের পাশাপাশি একাধিক মজার আয়োজনও ছিল। উদয়পুরের বিলাসবহুল রিসোর্টে পরিবার ও বন্ধুদের নিয়ে একটি প্রীতি ক্রিকেট ম্যাচেরও আয়োজন করা হয়, নাম দেয়া হয়েছিল ‘বিরোশ প্রিমিয়ার লিগ’। আরও ছিল পুল ভলিবল ম্যাচ, যা বাড়তি আনন্দ যোগ করে বিয়েতে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে