বিয়ের গুঞ্জন পরিষ্কার করলেন রাশমিকা মান্দানা
দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় জুটি রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডাকে ঘিরে বিয়ের জল্পনা যেন থামছেই না। গত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল, ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ গাঁটছড়া বাঁধতে পারেন এই দুই তারকা।
এরই মধ্যে গত ২ ফেব্রুয়ারি উদয়পুরে তাদের বিয়ে হচ্ছে—এমন খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
তবে রোববার ছড়িয়ে পড়া সেই গুঞ্জন নিজেই পরিষ্কার করে দিয়েছেন রাশমিকা মন্দানা।
সংবাদমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় অভিনেত্রী জানান, ২ ফেব্রুয়ারি তাদের বিয়ে হয়নি। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাশমিকা এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন।
যদিও ২ ফেব্রুয়ারির খবরটি মিথ্যা প্রমাণিত হয়েছে, তবে ২৬ ফেব্রুয়ারি সম্ভাব্য বিয়ের তারিখ নিয়ে অনুরাগীদের আগ্রহ কমেনি। ইন্ডাস্ট্রি সূত্রে শোনা যাচ্ছে, রাজস্থানের উদয়পুরেই বসতে পারে বিয়ের আসর। তবে অনুষ্ঠানটি খুব বেশি আড়ম্বরপূর্ণ হবে না বলেই জানা গেছে।
রাশমিকা ও বিজয় দুজনেই নাকি বিয়ের আনুষ্ঠানিকতা ব্যক্তিগত পরিসরে সম্পন্ন করতে চান। সে কারণে বিয়েতে উপস্থিত থাকবেন শুধু দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও নিকটাত্মীয়রা। বিনোদন জগতের হাতেগোনা কয়েকজন তারকাকেই আমন্ত্রণ জানানো হতে পারে।
সূত্র জানায়, পাপারাজ্জি ও মিডিয়ার বাড়তি নজর এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা জুটি।
যদিও বিয়ের মূল অনুষ্ঠানটি হবে একান্ত পারিবারিক, তবে প্রীতিভোজে থাকবে জাঁকজমক। বিয়ের কয়েক দিন পর হায়দরাবাদে বড় পরিসরে প্রীতিভোজ আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। সেই অনুষ্ঠানে দক্ষিণী ও বলিউড ইন্ডাস্ট্রির বহু পরিচিত মুখের উপস্থিতি থাকতে পারে।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে রাশমিকা ও বিজয়ের বাগদানের খবরও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। দাবি করা হয়েছিল, গোপনে পারিবারিক আবহে সেই অনুষ্ঠান সম্পন্ন হয়। তবে সে সময় এক সাক্ষাৎকারে রাশমিকা বলেছিলেন, বিয়ে নিয়ে আমি কিছুই স্বীকার বা অস্বীকার করব না। যখন বলার সময় হবে, তখন আমরা নিজেরাই বলব।
ব্যক্তিগত জীবন ও কাজ নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেছিলেন রাশমিকা। তার ভাষায়, বাড়িতে আমি কাজ নিয়ে প্রায় কোনো কথাই বলি না। অন্তত ৮০ শতাংশ সময় আমি কাজ থেকে নিজেকে দূরে রাখি। তবে কাজের জায়গায় কোনো সমস্যা হলে বিজয়ের সঙ্গে অবশ্যই আলোচনা করি। বাড়িতে ফিরে আমি শুধুই পরিবারের মানুষ।”
সব মিলিয়ে, বিয়ের তারিখ নিয়ে ধোঁয়াশা কাটেনি পুরোপুরি। তবে আপাতত এটুকুই নিশ্চিত—২ ফেব্রুয়ারি নয়, বাকি সবই এখনো গুঞ্জনের পর্যায়েই।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে