Views Bangladesh Logo

রশিদের ৬ উইকেটে ধরাশায়ী আয়ারল্যান্ড, আফগানিস্তানের বড় জয়

Sports Desk

ক্রীড়া ডেস্ক

৩০০ রানের লক্ষ্য তাড়া করা খুব একটা কঠিন কাজ ছিল না। কিন্তু রশিদ খানের লেগ স্পিনের সামনে দাঁড়াতেই পারল না আয়ারল্যান্ড। ৬ উইকেটের অসাধারণ বোলিং নৈপুণ্যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়ে আফগানিস্তানকে ৯২ রানের বিশাল জয় এনে দিয়েছেন এই তারকা স্পিনার।

ব্রেডি ক্রিকেট ক্লাবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। তবে সিদ্ধান্তটি কাজে আসেনি স্বাগতিকদের। বৃষ্টির কারণে ৪৭ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৯৯ রানের বিশাল সংগ্রহ গড়ে আফগানিস্তান। জবাবে ৩৩.৪ ওভারে মাত্র ২০৭ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ৭.৪ ওভার বল করে মাত্র ৩৪ রান খরচায় ৬ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন রশিদ খান। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান। উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে ভেসে যায়।

আফগানিস্তানের ইনিংসের শুরুতে রহমানউল্লাহ গুরবাজের ৩০ বলে ৩২ রানের ঝড়ো সূচনায় দ্রুত রান তুলতে থাকে সফরকারীরা। তবে দলের আসল ভিত গড়ে দেন ইব্রাহিম জাদরান ও সেদিকউল্লাহ আতাল। দ্বিতীয় উইকেটে ১১৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন তারা। আতাল ৫০ বলে ৪৫ রান করে ফিরলেও ইব্রাহিম ছিলেন অনেক বেশি পরিণত—৯৭ বলে আটটি চার ও দুটি ছক্কার সাহায্যে খেলেন ৮৪ রানের ইনিংস। শেষ দিকে আজমতউল্লাহ ওমরজাইয়ের ২৪ বলে ৩৩ এবং অধিনায়ক হাশমতউল্লাহ শহিদির ২১ বলে অপরাজিত ৩৬ রানের ঝোড়ো ইনিংসে ৩০০ রানের কাছাকাছি পৌঁছে যায় আফগানিস্তান। আয়ারল্যান্ডের হয়ে মার্ক অ্যাডায়ার ও জাই মুন্দ্রা দুটি করে উইকেট শিকার করেন।

২৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই অধিনায়ক পল স্টার্লিংয়ের উইকেট হারায় আয়ারল্যান্ড। তবে অ্যান্ডি বালবার্নি ও কেড কারমাইকেলের ৭২ রানের জুটি ম্যাচে ফেরার আশা জাগাচ্ছিল স্বাগতিকদের মনে। বালবার্নি ৩৬ রান করে এবং কারমাইকেল খেলেন ৬২ রানের ইনিংস।

কারমাইকেল বিদায় নেওয়ার পরই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় আফগানিস্তানের হাতে। রশিদ খান একের পর এক উইকেট তুলে নিয়ে ভেঙে দেন আয়ারল্যান্ডের ব্যাটিং লাইনআপ। কার্টিস ক্যাম্ফারের ২৩ ও বেন ক্যালিটজের ছোট প্রতিরোধও বেশিক্ষণ টিকতে পারেনি।

শেষ পর্যন্ত ৩৩.৪ ওভারে ২০৭ রানেই থেমে যায় আয়ারল্যান্ডের ইনিংস। রশিদের ৬ উইকেটের পাশাপাশি ২টি করে উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই ও ফজলহক ফারুকি। ৯২ রানের দাপুটে জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান। আগামী ১০ আগস্ট বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ম্যাচ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ