পঞ্চগড়ে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা
পঞ্চগড়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র মুখপাত্র রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দলটির জেলা কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীরা পঞ্চগড় শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে বকুলতলা এলাকায় জাগপা কার্যালয়ের সামনে পৌঁছালে কিছু বিক্ষুব্ধ ব্যক্তি কার্যালয়ের টিনের বেড়া ও ভেতরের চেয়ার–টেবিল ভাঙচুর করেন।
এর আগে রাশেদ প্রধানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্যের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা রাশেদ প্রধানকে অবিলম্বে ক্ষমা চাইতে বলেন এবং প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত তাকে পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করেন।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু দাবি করেন, তাদের কর্মসূচি ছিল শুধুই শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ। জাগপা কার্যালয়ে ভাঙচুরের ঘটনার সঙ্গে তাদের সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই বলেও তিনি জানান।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি পরে স্বাভাবিক হয় বলে জানা গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে