মাগুরায় 'ধর্ষকের' বাড়িতে অগ্নিসংযোগ
মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হিটু শেখের বাড়িতে বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নোমানী ময়দানে আছিয়ার জানাজা শেষ হওয়ার পরই এই ঘটনা ঘটে।
বিক্ষুব্ধরা সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে মিছিল নিয়ে হিটু শেখের বাড়িতে গিয়ে প্রথমে ভাঙচুর চালায়। পরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে, অভিযুক্ত হিটু শেখ, তার স্ত্রী জাহেদা ও দুই ছেলে রাতুল ও সজিব গ্রেফতার হওয়ায় বাড়িটি আগে থেকেই তালাবদ্ধ ছিল।
মাগুরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা রিপন হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরের মাধ্যমে তারা জানতে পারেন হিটু শেখের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। পরে তারা অগ্নিনির্বাপণের জন্য রওনা দিলেও বিক্ষুব্ধ জনতার বাধার মুখে ফিরে আসতে বাধ্য হন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী বলেন, পুলিশ কয়েকবার ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলেও বিক্ষুব্ধদের প্রতিরোধের কারণে সফল হতে পারেনি। তবে, এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়াও শিশু আছিয়ার মৃত্যুর খবর শোনার পরপরই মাগুরায় শুরু হয় বিক্ষোভ ও সড়ক অবরোধ। সাধারণ মানুষ একাধিক বিক্ষোভ মিছিল শেষে শহরের ভায়না এলাকায় সড়ক অবরোধ করে রাখে।
উল্লেখ্য, ৬ মার্চ মাগুরায় আট বছরের শিশু আছিয়া তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়। ঘটনার পর তাকে মাগুরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।
এই ঘটনায় সারা দেশেই তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষুব্ধরা দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন।
মতামত দিন