বিআরটি রুটের বিআরটিসি বাসেও র্যাপিড পাস ব্যবহারের সুযোগ
মেট্রোরেলের মতো এবার গুলিস্তান থেকে গাজীপুর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) রুটে পরিচালিত বিআরটিসির ১০টি বাসে র্যাপিড পাস ব্যবহারের সুযোগ চালু করেছে ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।
রোববার (২০ জুলাই) দুপুরে হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিসের এফডিসি কাউন্টার সংলগ্ন এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ফাওজুল কবির খান।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে গুলিস্তান-শিববাড়ী-মতিঝিল রুটে চলাচলকারী বিআরটিসির ১০টি বাসে র্যাপিড পাস চালুর ঘোষণা দেয়া হয়। উদ্বোধনী দিনে বিআরটিসির পক্ষ থেকে পাঁচটি বাস প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখশ চৌধুরী ও শেখ মঈনউদ্দিন। আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম প্রমুখ।
এই উদ্যোগের মাধ্যমে বিআরটি রুটে যাত্রীদের যাতায়াত আরও সহজ, সময়সাশ্রয়ী ও প্রযুক্তিনির্ভর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে