লা লিগার শুরুতেই মেসিকে ছুঁলেন রাফিনিয়া
২০২৬/২৭ মৌসুমের শুরুতেই দুর্দান্ত ছন্দে রয়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। গোল করা কিংবা সতীর্থকে দিয়ে গোল করানো—দুই ক্ষেত্রেই নিয়মিত অবদান রেখে হান্সি ফ্লিকের দলের অন্যতম প্রধান ভরসা হয়ে উঠেছেন তিনি।
রোববার লেভান্তের বিপক্ষে ম্যাচেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন রাফিনিয়া। ম্যাচের প্রথম ২০ মিনিটের মধ্যেই দুই গোলের লিড নেয় বার্সেলোনা। আর দুটি গোলেই সরাসরি অবদান রয়েছে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। প্রথমার্ধের দুই গোলেই সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন তিনি।
এই দুই অ্যাসিস্টের ফলে চলতি লা লিগা মৌসুমে প্রথম পাঁচ ম্যাচে রাফিনিয়ার গোল ও অ্যাসিস্ট মিলিয়ে অবদান দাঁড়িয়েছে ৯টিতে। এর মধ্য দিয়ে বার্সেলোনার জার্সিতে লা লিগার কোনো মৌসুমের প্রথম পাঁচ ম্যাচে ৯টি গোল-অ্যাসিস্টে অবদান রাখার কীর্তিতে লিওনেল মেসির পাশে বসেছেন তিনি।
২০১৭ সালের পর বার্সেলোনার হয়ে লা লিগার মৌসুমের প্রথম পাঁচ ম্যাচে অন্তত ৯টি গোল-অ্যাসিস্টে অবদান রাখা খেলোয়াড় এখন মাত্র দুজন—মেসি ও রাফিনিয়া।
মৌসুমের শুরুতেই এমন ধারাবাহিক পারফরম্যান্স রাফিনিয়াকে ঘিরে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। বার্সেলোনার জার্সিতে ২০২৬/২৭ মৌসুমটি তাঁর ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মৌসুম হতে পারে—শুরুটা অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে।
মতামত দিন