নরসিংদীতে ‘ধর্ষণের অভিযোগ’ মীমাংসায় টাকার প্রস্তাব, তরুণীর আত্মহত্যার চেষ্টা
নরসিংদীর সদর উপজেলার একটি এলাকায় ‘ধর্ষণের অভিযোগ’ নিয়ে বসা সালিশ চলাকালে আত্মহত্যার চেষ্টা করেছেন এক তরুণী। শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, ভুক্তভোগী তরুণীর বিয়ে হয়েছিল পাশের শিবপুর উপজেলায়। পরে একই এলাকার এক যুবক তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। পরিবারের অভিযোগ, সেই প্রতিশ্রুতির ভিত্তিতে তরুণী স্বামীর সঙ্গে বিচ্ছেদে রাজি হন এবং দীর্ঘ সময় ধরে ওই যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। তবে পরে যুবক বিয়েতে অস্বীকৃতি জানান।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আইনি পদক্ষেপের উদ্যোগ নেওয়া হলে স্থানীয়ভাবে একটি সালিশের আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে নরসিংদী সদর উপজেলার একটি গ্রামে ওই সালিশ অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সালিশে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের কয়েকজন এবং একজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়।
পরিবারের অভিযোগ, সালিশে বিয়ের পরিবর্তে ৫০ হাজার টাকার বিনিময়ে সমঝোতার প্রস্তাব দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েন তরুণী। একপর্যায়ে তিনি ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তরুণীর মা বলেন, তার মেয়ের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং বিয়ের কথা বলে সম্পর্ক গড়ে তোলা হয়েছিল। ন্যায়বিচার চাইতে গিয়ে তারা টাকার বিনিময়ে মীমাংসার প্রস্তাব পান, যা শুনেই মেয়েটি আত্মহত্যার চেষ্টা করে।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খায়রুল ইসলাম জানান, তরুণীকে সন্ধ্যায় অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
অন্যদিকে, সালিশে উপস্থিত থাকার বিষয়ে জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক আউলাদ হোসেন মোল্লা বলেন, তিনি অল্প সময়ের জন্য সেখানে গিয়েছিলেন এবং পরে জেনেছেন বেশিরভাগই বিয়ের পক্ষে মত দিয়েছেন।
এদিকে অভিযুক্ত পুলিশ সদস্য সালিশে উপস্থিত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে খোঁজ নিয়েছেন, তবে সেখানে উপস্থিত ছিলেন না।
নরসিংদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন জানান, সালিশে পুলিশের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। এ ঘটনায় মৌখিক অভিযোগ পাওয়া গেছে, তবে এখনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে