Views Bangladesh Logo

নেত্রকোনায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা

নেত্রকোনায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে নেত্রকোনা সদর থানায় মামলাটি করেন। অভিযুক্ত রিপন মিয়া নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের নন্দুরা গ্রামের বাসিন্দা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘রিপন ভিডিও’ নামে পরিচিত।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, রিপন মিয়ার সঙ্গে ভুক্তভোগী শিক্ষার্থীর অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে। গত শনিবার রাতে মেয়েটির বাড়ির পেছনে রিপনকে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আটক করেন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে।

স্থানীয়ভাবে অনুষ্ঠিত এক সালিশে রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং গ্রাম ছাড়ার সিদ্ধান্ত দেওয়া হয়। সোমবার রাতে সেই সালিশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি আত্মগোপনে চলে যান। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত শেষে মামলা গ্রহণ করে।

এদিকে রিপন মিয়ার স্ত্রী চম্পা আক্তার দাবি করেন, তিনি ঘটনার বিস্তারিত জানেন না। মানুষের মুখে বিষয়টি শুনেছেন। তার স্বামী নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন এবং অভিযোগটি তার বিরুদ্ধে অন্যায়ভাবে আনা হয়েছে বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, কনটেন্ট তৈরির সূত্রে ভুক্তভোগী শিক্ষার্থী আগে থেকেই তাদের পরিবারের সঙ্গে পরিচিত ছিলেন।

ভুক্তভোগীর মা জানান, তিনি ও তার স্বামী কাজের কারণে বাড়িতে না থাকায় প্রথমে ঘটনাটি জানতে পারেননি। পরে স্থানীয়দের কাছ থেকে বিষয়টি শোনার পর মেয়ের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে নিশ্চিত হন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ