Views Bangladesh Logo

চলচ্চিত্রে অবদানের জন্য সম্মানসূচক ডক্টরেট পেলেন রানি মুখার্জি

ভারতীয় চলচ্চিত্রে তিন দশকের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বলিউড অভিনেত্রী রানি মুখার্জিকে সম্মানসূচক ‘ডক্টর অব লেটার্স’ ডিগ্রি দিয়েছে অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয়। শুক্রবার মেলবোর্নে অনুষ্ঠিত ১৭তম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন–এর বিশেষ আয়োজনে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

সম্মাননা গ্রহণের পর আবেগাপ্লুত রানি বলেন, অভিনয়ে তিনি কখনো পুরস্কার বা ডক্টরেটের কথা ভেবে আসেননি; তাঁর একমাত্র লক্ষ্য ছিল এমন চরিত্রে অভিনয় করা, যা দর্শকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে। তিনি বলেন, সিনেমা সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম এবং সেই শক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগাতে পারাই তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি।

শক্তিশালী নারী চরিত্র বেছে নেওয়ার বিষয়ে রানি জানান, তাঁর অভিনীত অনেক চরিত্র শুধু পর্দার গল্প নয়, বরং বাস্তব জীবনের অসংখ্য অবহেলিত নারীর কণ্ঠস্বর। সমাজে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে তাঁর কাজ যদি সামান্যও ভূমিকা রেখে থাকে, সেটাকেই তিনি নিজের অভিনয়জীবনের সার্থকতা মনে করেন।

১৯৯৬ সালে চলচ্চিত্রে অভিষেকের পর রানি মুখার্জি ‘ব্ল্যাক’, ‘নো ওয়ান কিল্ড জেসিকা’, ‘হিচকি’, ‘মার্দানি’ এবং ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’–এর মতো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছেন। অভিনয়ের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিশুদের চিকিৎসা, শিশু অধিকার ও স্বাস্থ্যসেবামূলক বিভিন্ন দাতব্য কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ