রংপুরে চার খুন: দুই আসামির ডোপ টেস্টের নমুনা সংগ্রহ
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামির ডোপ টেস্ট করা হচ্ছে। এ জন্য মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের প্রস্রাবের নমুনা সংগ্রহ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৩০ আগস্ট) দুপুরে রংপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে দুই আসামির নমুনা নেওয়া হয়। মামলাটি স্পর্শকাতর হওয়ায় তাদের কারাগার থেকে বাইরে আনা হয়নি। রংপুর মেডিকেল কলেজের একজন ল্যাব টেকনোলজিস্ট ও একজন সহকারীকে কারাগারে পাঠিয়ে প্রয়োজনীয় নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও ডিবির উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, মামলাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্য থাকায় আসামিদের কারাগারের বাইরে আনা হলে তাদের ওপর হামলা বা মব সৃষ্টির আশঙ্কা ছিল। এ কারণে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কারাগারের ভেতরেই তাদের ইউরিনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে মামলার তদন্তের অংশ হিসেবে শনিবার রাতে সিদ্ধার্থ দাসের বাবা বিনয় দাস ও ভাই পার্থ দাসকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত ২২ আগস্ট রাতে নগরীর মাছুয়াপাড়া এলাকার একটি বাড়ির তালা ভেঙে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে ডিবি।
মতামত দিন