রংপুরে ৪ খুনের তদন্তে ডিএনএ প্রমাণ মিলেছে সিদ্ধার্থ ও মুগ্ধের নমুনায়: পুলিশ
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের আলোচিত চার খুনের ঘটনায় ডিএনএ পরীক্ষার পর আটক করা দু’জন আসামির নমুনার সঙ্গে মিল পেয়েছে সিআইডি। খুনের আগে-পরে খেয়ে রাখা সিগারেটের অবশিষ্ট অংশসহ উদ্ধার হওয়া বিভিন্ন আলামত পরীক্ষার পর অভিযুক্ত সিদ্ধার্থ ও মুগ্ধ দাসের ডিএনএ’র সঙ্গে মিলে গিয়েছে বলে জানায় পুলিশ।
গত ২১ আগস্ট রাতে রংপুর নগরীর কামাল কাছনা মাছুয়াপাড়া এলাকায় নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয় শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানকে।
হত্যাকাণ্ডের দুই দিন পর প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে আটক করে পুলিশ। পরে ঘটনার রাতে তাদের উপস্থিতি নিশ্চিত করতে আলামতসহ গত ২০ সেপ্টেম্বর দুই আসামিকে ঢাকার সিআইডি ল্যাবে পাঠানো হয়।
পুলিশের তথ্যমতে, ঘটনাস্থলে খুনের আগে বা পরে খেয়ে রাখা শসা, খেজুর ও সিগারেটের ফিল্টারে থাকা লালার নমুনার সঙ্গে আসামিদের ডিএনএ’র শতভাগ মিল পাওয়া গেছে।
চাঞ্চল্যকর এই চার খুনের মামলায় আদালতে আসামিদের বিরুদ্ধে জোরালো অভিযোগ প্রমাণে এই ডিএনএ প্রতিবেদন সবচেয়ে বড় বৈজ্ঞানিক ভিত্তি হবে বলেও মনে করছে পুলিশ।
মতামত দিন