রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে অভিযুক্ত করে চূড়ান্ত চার্জশিট দাখিল
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ। তদন্তে চুরির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানোর তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুহাম্মদ মাহবুবুর রশীদ।
তিনি বলেন, গণপতি চক্রবর্তীর বাড়িতে রাখা টাকা ও স্বর্ণালংকার চুরির পরিকল্পনা নিয়ে সেখানে গিয়েছিলেন সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস। চুরির উদ্দেশ্যেই তাঁরা পরিবারের চার সদস্যকে হত্যা করেন।
পুলিশ কমিশনার জানান, বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের পরিদর্শক জিন্নাত আলী আদালতে চূড়ান্ত অভিযোগপত্র জমা দিয়েছেন। এতে সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে অভিযুক্ত করা হয়েছে। তদন্তে ৫৩ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে এবং ৬৬টি আলামত সংগ্রহ করা হয়েছে। এ দুজন ছাড়া অন্য কারও সম্পৃক্ততা পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি।
এর আগে মরদেহ উদ্ধারের পর তৎকালীন পুলিশ কমিশনার আবদুল মাবুদ জানিয়েছিলেন, ছাদে মাদক সেবনের বিষয়টি দেখে ফেলায় প্রথমে গণপতি চক্রবর্তীকে হত্যা করেন সিদ্ধার্থ ও মুগ্ধ। পরে তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগমী চক্রবর্তী এবং ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়মকেও হত্যা করা হয়।
গত ২২ আগস্ট রাতে নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হয়। পরে নিহত গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।
পুলিশ জানায়, দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের বন্ধু সীমান্ত দাস, দখিগঞ্জ শ্মশানের পাহারাদার বিদ্যুৎ মোহন্ত এবং মাদক সরবরাহকারী শান্ত দাস ওরফে পুঁটি শান্ত আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।
মতামত দিন