Views Bangladesh Logo

নাহিদ রানা-অ্যারন হার্ডির নৈপুণ্যে ৯ বছর পর শিরোপা জিতল পেশোয়ার জালমি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশি পেসার নাহিদ রানা এবং অস্ট্রেলীয় অলরাউন্ডার অ্যারন হার্ডির দাপুটে হায়দরাবাদ কিংসমানকে হারিয়ে ৯ বছর পর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় শিরোপা ঘরে তুলল পেশোয়ার জালমি।

রোববার (৩ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করা হায়দরাবাদকে ১৮ ওভারে মাত্র ১২৯ রানে গুটিয়ে দেয় পেশোয়ার। জবাবে ৫ উইকেট হারিয়ে ২৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাবর আজমের দল।

বিশেষ করে ফাইনালের জন্যই নাহিদ রানাকে দলে ভিড়িয়েছিল পেশোয়ার জালমি, আর সেই আস্থার প্রতিদান দিতে একটুও ভুল করেননি এই বাংলাদেশি গতিদানব। নিজের ৪ ওভারের স্পেলে মাত্র ২২ রান খরচায় ২ উইকেট শিকার করেন তিনি। তার গতি, বাউন্স আর নিখুঁত ইয়র্কারে দিশেহারা হয়ে পড়েন হায়দরাবাদের ব্যাটাররা।

উল্লেখ্য, টুর্নামেন্টের একমাত্র বোলার হিসেবে তিনি দুটি মেডেন ওভার করার কীর্তি গড়েন।

বল হাতে নাহিদ রানার যোগ্য সঙ্গী ছিলেন অ্যারন হার্ডি। তিনি মাত্র ২৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে হায়দরাবাদের ব্যাটিং লাইনআপের কোমর ভেঙে দেন। হায়দরাবাদের পক্ষে সাইম আইয়ুব ৫০ বলে ৫৪ রানের লড়াকু ইনিংস খেললেও অন্য কোনো ব্যাটার ২০ রানের গণ্ডি পার করতে পারেননি। গ্লেন ম্যাক্সওয়েল ও হুনাইন শাহর মতো তারকাদের দ্রুত বিদায়ে বড় সংগ্রহের স্বপ্ন ভেস্তে যায় তাদের।

১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চরম বিপর্যয়ে পড়েছিল পেশোয়ার। পাওয়ার প্লের মধ্যেই ৪০ রানে তারা হারিয়ে ফেলে ৪ উইকেট। অধিনায়ক বাবর আজম গোল্ডেন ডাক (শূন্য) মেরে ড্রেসিংরুমে ফেরেন। ব্যর্থ হন মোহাম্মদ হারিস (৬), কুশল মেন্ডিস (৯) ও মাইকেল ব্রেসওয়েলও (৪)।

তবে পঞ্চম উইকেটে দলের হাল ধরেন অ্যারন হার্ডি ও আব্দুল সামাদ। এই জুটির ৮৫ রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপ পেশোয়ারকে জয়ের কাছে নিয়ে যায়। হার্ডি ৩৯ বলে ৯টি চারের সাহায্যে ৫৬ রানে অপরাজিত থাকেন এবং সামাদ করেন ৪৮ রান। সামাদ শেষ মুহূর্তে আউট হলেও পরের ওভারেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে জালমি।

এর আগে ২০১৭ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পর তিনটি ফাইনালে হারতে হয়েছিল পেশোয়ারকে। অবশেষে ৯ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিরোপা উল্লাসে মাতল তারা।

সংক্ষিপ্ত স্কোর
হায়দরাবাদ কিংসমান: ১২৯/১০ (১৮ ওভার); সাইম আইয়ুব ৫৪। (হার্ডি ৪/২৭, নাহিদ ২/২২)
পেশোয়ার জালমি: ১৩৩/৫ (১৫.২ ওভার); হার্ডি ৫৬*, সামাদ ৪৮।
ফল: পেশোয়ার জালমি ৫ উইকেটে জয়ী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ