Views Bangladesh Logo

বাংলাদেশে ইউনিসেফের নতুন প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেছেন রানা ফ্লাওয়ার্স। বুধবার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে রানা ফ্লাওয়ার্স তার পরিচয়পত্র দেন। গত ৫ আগস্ট বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পান রানা ফ্লাওয়ার্স।

তিনি বাংলাদেশে শিশু স্বাস্থ্য ও পুষ্টি, পানি এবং শিশু অধিকার সুরক্ষাসহ শিশুদের জন্য আবশ্যক সামাজিক সেবার মানোন্নয়নে কাজ করবেন। এছাড়াও জলবায়ু সংকট, কিশোর বিচার ব্যবস্থা এবং তরুণদের ভালো কাজ পাওয়ার জন্য দক্ষ করে তুলতে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমে গতি সঞ্চারের মতো ক্ষেত্রগুলোতেও পরিবর্তন আনতে দিকনির্দেশনা দেবেন ফ্লাওয়ার্স।

রানা ফ্লাওয়ার্স বলেন, “বর্তমান সময়টা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সহিংসতায় এখানে অসংখ্য শিশু, তরুণ ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের কথা সব সময় আমার মনে রয়েছে। এছাড়া সাম্প্রতিক বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিশুদের কথাও আমি মনে রেখেছি।” অস্ট্রেলিয়ার নাগরিক রানা ফ্লাওয়ার্সের আন্তর্জাতিক উন্নয়ন, শিশু উন্নয়ন ও পলিসি অ্যাডভোকেসিতে ৩৫ বছরের বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে।

তিনি চীন, কম্বোডিয়া, মঙ্গোলিয়া ও বেলিজে ইউনিসেফের প্রতিনিধি ছিলেন।

রানা ফ্লাওয়ারস বলেন, “শিশুদের অধিকার, তাদের আবেগ এবং অঙ্গীকার নিয়ে কাজ করে ইউনিসেফ। সরকার-বেসরকারি খাত, ইউনিসেফের দীর্ঘদিনের অংশীদারদের সঙ্গে এবং শিশু ও কিশোর-কিশোরীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার জন্য অনেক কিছু তৈরি করা বাকি আছে। উল্লেখযোগ্য অনেক কাজও করা বাকি আছে।”

তিনি বলেন, “আমি শান্তির জন্য এবং সবার জন্য আরও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে অবদান রাখতে বাংলাদেশের শিশু ও যুবকদের আহ্বানে অনুপ্রাণিত হয়েছি। আমাদের টিম নিয়ে শিশু ও কিশোর-কিশোরীদের উন্নতি লাভে কাজ করবো।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ