Views Bangladesh Logo

রামপাল সড়ক দুর্ঘটনা: বর–কনেসহ প্রাণ গেল ১৩ জনের

বাগেরহাটের রামপালে নৌবাহিনীর স্টাফবাসের সঙ্গে বিয়ের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বর–কনেসহ ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে একই পরিবারের বেশ কয়েকজন সদস্য রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহতদের মধ্যে রয়েছেন মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, তার স্ত্রী আঞ্জুমান, ভাই সামিউল আলম (৪২), তিন ছেলে বর সাব্বির, ইমরান ও আলামিন, শ্যালিকার দুই মেয়ে পুতুল (২৩) ও ঐশী (২৮), কনে মার্জিয়া মিতু (২৫), তার ছোট বোন লামিয়া (১২), কনের নানি এবং মাইক্রোবাস চালক নাঈম শেখ (৩৬)।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে রামপাল উপজেলার মোংলা–খুলনা মহাসড়কের বেলাইব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিএনপি নেতা আব্দুর রাজ্জাক তার ছেলের বিয়ে শেষে খুলনার কয়রা এলাকা থেকে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি নৌবাহিনীর স্টাফবাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেনাজ মোশাররফ জানান, হাসপাতালে আনা মৃতদের মধ্যে শিশু, নারী ও পুরুষ রয়েছে এবং আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।

রামপাল থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনায় রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নয়জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ