অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ রামিসার বাবার
রাজধানীর মিরপুরে ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসা আক্তারের বাবা আব্দুল হান্নান মোল্লা অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, শিশু রামিসা আক্তার হত্যা মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ডেথ রেফারেন্স ও আপিল শুনানির অপেক্ষায় রয়েছে। মামলার অগ্রগতি সম্পর্কে জানতে রামিসার বাবা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে অ্যাটর্নি জেনারেল রামিসার বাবাকে আশ্বস্ত করে বলেন, বর্তমান সরকার তাদের পাশে রয়েছে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় কার্যকর ভূমিকা রাখবে।
গত ১৯ মে ঢাকার পল্লবীর সেকশন-১১ এলাকায় নিজ ভবনের পাশের একটি ফ্ল্যাটে ধর্ষণের শিকার হয়ে নিহত হয় দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তার। ওই ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন।
ঘটনার দিনই প্রতিবেশী সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর ৭ জুন দ্রুত বিচার প্রক্রিয়ায় ঢাকার একটি আদালত মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন।
বর্তমানে মামলাটি উচ্চ আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে।
মতামত দিন