প্রধানমন্ত্রীর আশ্বাসে ন্যায়বিচারের প্রত্যাশা রামিসার বাবার
রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ন্যায়বিচার পাওয়ার আশা প্রকাশ করেছেন তার বাবা আবদুল হান্নান মোল্লা।
শুক্রবার (২২ মে) বিকেলে সিরাজদিখান উপজেলার ইছাপুর ইউনিয়নের শিয়ালদি এলাকায় বায়তুল আমান জামে মসজিদের পাশের পারিবারিক কবরস্থানে মেয়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এসময় বলেন, প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, ‘একজন বাবা হিসেবে এবং একজন বড় ভাই হিসেবে আমি এখানে এসেছি।’ আমি তার কথায় সম্পূর্ণ আস্থা রাখি। আমি বিশ্বাস করি, আমার মেয়ের হত্যার বিচার পাব এবং দ্রুত ও ন্যায়সঙ্গত বিচার হবে।
আবদুল হান্নান মোল্লা আরও বলেন, সংবিধান অনুযায়ী তিনি হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেন এবং আইনমন্ত্রীর মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জেনেছেন।
এর আগে রামিসার জন্য একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকাবাসী অংশ নেন।
উল্লেখ্য, গত ১৯ মে মিরপুরের পল্লবীতে ৮ বছর বয়সী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনায় প্রধান আসামি সোহেল রানাকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে