Views Bangladesh Logo

রামিসা হত্যা মামলা: ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পেয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

এ তথ্য জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটির ফরেনসিক ইউনিট থেকে এসব গুরুত্বপূর্ণ রিপোর্ট সংগ্রহ করেন পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভুঁইয়া নিপুন।

শনিবার (২৩ মে) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, মামলার তদন্তের জন্য প্রয়োজনীয় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট ইতোমধ্যে তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, সব ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর মামলার তদন্ত কার্যক্রম এখন প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। অভিযোগপত্র (চার্জশিট) প্রস্তুতের কাজ চলছে এবং সবকিছু ঠিক থাকলে রোববার (২৪ মে) আদালতে তা দাখিল করা হতে পারে।

গত ১৯ মে সকালে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন দেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে তার খণ্ডিত মাথা উদ্ধার করা হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। পল্লবী থানায় দ্রুত একটি হত্যা মামলা দায়ের করা হয়।

প্রাথমিক তদন্তে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে সোহেল রানাকেও গ্রেপ্তার করে পুলিশ।

পরে আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার কথা স্বীকার করেন বলে জানা যায়।

ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ায় এখন তদন্তের গুরুত্বপূর্ণ ধাপ প্রায় সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে, ডিএনএ ও ভিসেরা রিপোর্ট মামলার চূড়ান্ত অভিযোগপত্র প্রস্তুতে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ