দুর্গাপূজার মহাঅষ্টমী ও কুমারী পূজা আজ
হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী আজ (শুক্রবার)। মহাষ্টমীতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপূজার বিশেষ পর্ব ‘কুমারী পূজা’ অনুষ্ঠিত হবে। শুক্রবার রাজধানীর রামকৃষ্ণ মিশনসহ সারাদেশে পূজা মন্ডপগুলোতে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে।
সনাতন শাস্ত্রমতে, মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা কল্পনা করে জগৎমাতার উদ্দেশে শ্রদ্ধা নিবেদনই কুমারী পূজা। এ পূজার মাধ্যমে নারী হয়ে উঠবে পবিত্র ও মাতৃভাবাপন্ন। প্রত্যেকে নারীর প্রতি হবে শ্রদ্ধাশীল।
হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন, কুমারী কন্যার পূজা একাধারে সৃষ্টিকর্তার উপাসনা, মানবের বন্দনা আর পৃথিবীতে নারীর মর্যাদার প্রতিষ্ঠা। নারীর সম্মান, মানুষের সম্মান আর সৃষ্টিকর্তার আরাধনাই কুমারী পূজার অন্তর্নিহিত শিক্ষা।
জানা গেছে, শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটে মহাষ্টমীর পূজা অনুষ্ঠিত হয় এবং সকাল ৯টায় শুরু হয় কুমারী পূজা।
দুর্গাপূজার চার দিনের মধ্যে মহাষ্টমীর অঞ্জলি ও কুমারী পূজা সর্বাধিক তাৎপর্যপূর্ণ। এজন্য এদিন রাজধানীসহ সারাদেশের পূজামন্ডপগুলোতে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে মহাষ্টমীর পূজা এবং দেবী দুর্গার আরাধনা করবেন সনাতন ধর্মাবলম্বীরা।
এর আগে গতকাল বৃহস্পতিবার ছিল দুর্গাপূজার মহাসপ্তমী। ওইদিন ভক্তরা দিনভর পূজামন্ডপগুলোতে আনন্দে মাতে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে