আজ থেকে অফিস-আদালত ও ব্যাংক চলবে নতুন সূচিতে
পবিত্র রমজান মাস উপলক্ষে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সরকারি অফিস-আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নতুন সময়সূচি কার্যকর হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য ১৫ মিনিট বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, রমজানে ব্যাংকে গ্রাহক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।
আর্থিক প্রতিষ্ঠানগুলো সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। উভয় ক্ষেত্রেই দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের বিরতি থাকবে। তবে অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন কার্যক্রম চালু রাখা যাবে।
রমজানে আদালতের বিচারিক কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আদালতের অফিসিয়াল কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আদালত প্রাঙ্গণেও দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের বিরতি কার্যকর থাকবে।
ডাক বিভাগ, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান এবং অন্যান্য জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো জনস্বার্থ ও নিজস্ব বিধি অনুযায়ী পৃথক সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রমজানজুড়ে এই সময়সূচিই কার্যকর থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে