Views Bangladesh Logo

রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে শুরু পবিত্র রমজান

 VB  Desk

ভিবি ডেস্ক

রহমত, মাগফিরাত ও নাজাতের সুমহান বার্তা নিয়ে শুরু হলো পবিত্র মাহে রমজান। ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ দেশের আকাশে দেখা যাওয়ায় আজ বৃহস্পতিবার থেকে প্রথম রোজা পালন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। গতকাল সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সিদ্ধান্ত অনুযায়ী, গত রাতেই এশার নামাজের পর শুরু হয়েছে তারাবির নামাজ এবং ভোরে সাহ্‌রি খেয়ে রোজা শুরু করেন মুসলমানরা। আগামী ১৬ মার্চ রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

ইসলামে রমজান মাস বছরের অন্যান্য মাসের তুলনায় অধিক মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ। এ মাসেই পবিত্র কোরআন নাজিল হয়। মহান আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, "রমজান মাস, এ মাসেই কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথের সুস্পষ্ট নিদর্শন।” (সুরা বাকারা: ১৮৫)

হাদিস শরিফে বর্ণিত হয়েছে, রমজান এলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এ মাসে প্রতিটি নেক আমলের সওয়াব বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়। একটি নফল ইবাদত ফরজের সমান সওয়াবের মর্যাদা পায় এবং একটি ফরজ আদায় করলে অন্য মাসের সত্তরটি ফরজের সমপরিমাণ সওয়াব লাভ হয় বলে বর্ণিত আছে।

রমজান আত্মশুদ্ধি, আত্মসংযম ও ত্যাগের মাস। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যাবতীয় ভোগ-বিলাস থেকে বিরত থেকে মুসলমানরা তাকওয়া অর্জনের সাধনা করেন। বেশি বেশি ইবাদত-বন্দেগি, কোরআন তিলাওয়াত, তওবা-ইস্তিগফার ও দান-সদকার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন মুমিনরা।

রমজানকে স্বাগত জানিয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে ধর্মসচিব মো. কামাল উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। এ সময় মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।

এদিকে দেশের সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবি আদায়ের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। মুসল্লিদের সুবিধার্থে প্রথম ছয় দিনে দেড় পারা করে এবং পরবর্তী ২১ দিনে এক পারা করে তিলাওয়াতের মাধ্যমে ২৭ রমজানে কোরআন খতমের প্রস্তাব দেওয়া হয়েছে।

পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বাণীতে তিনি রমজানের আত্মসংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলনের আহ্বান জানান।

একইভাবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে হিংসা-বিদ্বেষ পরিহার এবং সংযমী জীবনযাপনের আহ্বান জানিয়েছেন।

রহমত, মাগফিরাত ও নাজাতের এই মহিমান্বিত মাসে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং গুনাহ মাফের আশায় ইবাদত-বন্দেগিতে আত্মনিয়োগ করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ