Views Bangladesh Logo

চাঁদপুরের অর্ধশত গ্রামে রোজা শুরু

সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার পর চাঁদপুর জেলার প্রায় অর্ধশত গ্রামে বুধবার থেকেই রোজা শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে হাজীগঞ্জ উপজেলার ঐতিহাসিক সাদ্রা দরবার শরীফসহ বিভিন্ন এলাকা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন সাদ্রা দরবার শরীফের পীরজাদা ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী। তিনি জানান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আকাশে চাঁদ দেখার খবর পাওয়ার পর তারাবির নামাজ আদায় ও সেহরি গ্রহণের মাধ্যমে রোজা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া মতলব উত্তর উপজেলার সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের অনুসারীরাও একইভাবে রোজা পালন শুরু করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বর্তমান পীর ইমামুল আরেফিন ড. মাওলানা সৈয়দ মোহাম্মদ মাকসুদুর রহমান।

হাজীগঞ্জ উপজেলার সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার ও প্রতাপুরসহ বিভিন্ন গ্রাম, ফরিদগঞ্জ উপজেলার একাধিক এলাকা এবং মতলব উত্তর, কচুয়া ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রথম রোজা পালন করছেন।

পীরজাদা ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী বলেন, সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়ার পর থেকেই তারা মধ্যপ্রাচ্যের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে রোজা ও দুই ঈদ উদযাপন করে আসছেন।

উল্লেখ্য, ১৯৩২ সাল থেকে সাদ্রা দরবার শরীফে এ প্রথা চালু রয়েছে। তৎকালীন পীর মাওলানা ইসহাক (রহ.) মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা গেলে তার সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালনের রীতি প্রবর্তন করেন। সেই ধারাবাহিকতায় এখনো অনুসারীরা আগাম রোজা ও ঈদ উদযাপন করে থাকেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ