রাজশাহীর কোন আম কবে পাওয়া যাবে
রাজশাহীর আমবাগানে চলতি মৌসুমে আম সংগ্রহ শুরু হচ্ছে আগামী ১৫ মে থেকে। ওই দিন থেকেই গুটি জাতের আম বাজারে আসবে। এরপর ধাপে ধাপে বিভিন্ন জাতের আম সংগ্রহের নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করে আনুষ্ঠানিকভাবে ‘ম্যাংগো ক্যালেন্ডার’ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
রোববার (১০ মে) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সভায় এ ক্যালেন্ডার ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এতে কৃষি কর্মকর্তা, আমচাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, ১৫ মে থেকে গুটি আম সংগ্রহ শুরু হবে। এরপর ২২ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রানীপছন্দ ও লক্ষণভোগ এবং ৩০ মে থেকে হিমসাগর বা খিরসাপাত আম বাজারজাত করা যাবে।
জেলা প্রশাসনের নির্ধারিত তালিকা অনুযায়ী, ১০ জুন থেকে ল্যাংড়া ও বানানা ম্যাংগো, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে। এরপর ৫ জুলাই থেকে বারি আম-৪, ১০ জুলাই থেকে আশ্বিনা এবং ১৫ জুলাই থেকে গৌড়মতি আম নামানো যাবে।
এ ছাড়া কাটিমন ও বারি আম-১১ জাতের আম সারা বছরই সংগ্রহ করা যাবে বলে সভায় জানানো হয়।
সভায় জানানো হয়, কিছু গুটি জাতের আম আগে থেকেই পেকে গেলে উপজেলা কৃষি কর্মকর্তার অনুমোদন নিয়ে তা নির্ধারিত সময়ের আগেও সংগ্রহ করা যাবে।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, অপরিপক্ব আম বাজারে আসা ঠেকাতে এবং ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত আম নিশ্চিত করতে প্রতিবছরের মতো এবারও নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে আম সংগ্রহ বা বাজারজাত করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কৃষি কর্মকর্তারা জানান, নির্ধারিত সময় অনুযায়ী আম সংগ্রহ করা হলে ফলের স্বাদ, রঙ ও পুষ্টিগুণ বজায় থাকে এবং ভোক্তারা নিরাপদ ফল পান। পাশাপাশি চাষিরাও ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে