Views Bangladesh Logo

রাজশাহী থেকে সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

রাজশাহী থেকে দর্শনা পর্যন্ত নতুন সরাসরি বাস সার্ভিস চালু করাকে কেন্দ্র করে রাজশাহী ও নাটোরের পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এর জেরে শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে রাজশাহী থেকে ঢাকাসহ সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ এই ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো সাধারণ যাত্রী।

পরিবহন খাত সংশ্লিষ্টদের সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাজশাহী থেকে দর্শনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ‘রাব্বি পরিবহন’-এর একটি বাস নাটোরে আটকে দেন স্থানীয় মোটর শ্রমিকরা। পরে বাসটির যাত্রীদের নামিয়ে ‘তুহিন পরিবহন’-এর একটি বাসে করে দর্শনায় পাঠানো হয়। এর জবাবে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপ রাজশাহীতে নাটোরের ‘তুহিন পরিবহন’-এর তিনটি বাস আটকে রাখে। পরবর্তীতে নাটোরে আটক বাসটি ছেড়ে দিলে রাজশাহীতেও আটক বাস তিনটি ছেড়ে দেওয়া হয়। তবে মূল বিরোধের নিরসন না হওয়ায় শেষ পর্যন্ত রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় স্থানীয় পরিবহন সংগঠনগুলো।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, সম্প্রতি রাজশাহী থেকে দর্শনা পর্যন্ত সরাসরি একটি বাস সার্ভিস চালু করা হয়। এর প্রতিবাদে নাটোরের মোটর শ্রমিকরা বাসটি আটকে দেন। এ নিয়ে কয়েকদিন ধরে রাজশাহী ও নাটোরের বাস মালিক-শ্রমিকদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরেই শনিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

অন্যদিকে পাল্টা অভিযোগ তুলে নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, ‘রাব্বি পরিবহনের একটি বাস কোনো ধরনের অনুমতি ছাড়াই নাটোরে প্রবেশ করায় নাটোরের মালিক-শ্রমিকরা সেটি রাজশাহীতে ফেরত পাঠান। পরে নাটোরের ছয়-সাতটি বাস রাজশাহীতে আটকে দেওয়া হয়। এর জেরেই নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।’

তবে অচলাবস্থা নিরসনে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ ও নাটোরের পরিবহন মালিকপক্ষের মধ্যে জরুরি বৈঠকের প্রস্তুতি চলছে। আলোচনার মাধ্যমে দ্রুতই সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন পরিবহন নেতারা।

এদিকে কোনো আগাম বার্তা ছাড়া হুট করে বাস বন্ধ করে দেওয়ায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী যাত্রীরা। দ্রুত দুই জেলার মালিক-শ্রমিকদের বিরোধ নিষ্পত্তি করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ